২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কাকে ২০০ রানে আটকে দিল উইন্ডিজ

অভিষিক্ত স্পিনার জোমেল ওয়ারিক্যানের ভালো বোলিংয়ে দ্বিতীয় টেস্টে ভালো শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২০০ রানে আটকে রেখেছে সফরকারীরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 05:50 PM

Updated : 22 Aug 2022, 01:35 PM

প্রথম ইনিংসের শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজেরও। আলোর স্বল্পতার কারণে দিনের খেলা একটু আগেভাগেই শেষ হয়। এর আগে ১ উইকেটে ১৭ রান তোলে জ্যাসন হোল্ডারের দল।

ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ফিরে যাওয়ার আগে সাই হোপ করেন ৪ রান। ৪ রান নিয়ে ব্যাট করা ক্রেইগ ব্র্যাথওয়েইটের সঙ্গী হয়ে উইকেটে আছেন নাইটওয়াচম্যান দেবেন্দ্র বিশু।   

কলম্বোর পি সারা স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। কোনো রান করে জেরোম টেইলরের বলে দিনেশ রামদিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কৌশল সিলভা।

অধিনায়ক জ্যাসন হোল্ডার এর পর ফেরান আরেক ওপেনার দিমুথ করুনারত্নেকে।

এর পর কুশল মেন্ডিস আর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ফিরে গেলে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৫৯ রান। মেন্ডিসকে রামদিনের ক্যাচে পরিণত করেন কেমার রোচ। আর ম্যাথিউসকে ফেরান হোল্ডার।

শ্রীলঙ্কার ইনিংসের বাকিটুকু এলোমেলো হয়ে যায় বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানের ঘূর্ণিতে। ৬৭ রানে ৪ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজের অভিষিক্ত এই বোলার।

শ্রীলঙ্কাকে লজ্জার হাত থেকে বাচান মূলত তরুণ মিডলঅর্ডার ব্যাটসম্যান মিলিন্দা শিরিবর্ধনে। একপ্রান্ত আগলে রেখে ১১১ বলে ৬৮ রান করেন তিনি। ইনিংসটি তিনি সাজান ৬টি চার ও দুটি ছয়ে।

শিরিবর্ধনেকেসহ কুশল পেরেরা, ধাম্মিকা প্রসাদ ও নুয়ান প্রদিপকে ফেরান ওয়ারিক্যান। দুটি করে উইকেট নেন হোল্ডার ও টেইলর। রোচ ও বিশু একটি করে উইকেট নেন।

শ্রীলঙ্কার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ২৬ রান করেন রঙ্গনা হেরাথ। দুই টেস্ট সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা।