হরভজনকে বাইরে ঠেলে ফিরলেন জাদেজা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টেস্ট দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। এই স্পিনিং অলরাউন্ডারকে জায়গা দিতে আবারও বাদ পড়েছেন অভিজ্ঞ স্পিনার হরভজন সিং।
গত জুনে বাংলাদেশ সফরের ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন জাদেজা। জায়গা হয়নি পরে শ্রীলঙ্কা সফরের দলেও। তবে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেই আবার দলে জায়গা করে নিলেন তিনি।
এবারের রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে প্রথম দুই ম্যাচেই জাদেজা নেন ১১ ও ১৩ উইকেট, দুই ইনিংসে রান করেছেন ৯১ ও ৫৮।
২০১৩ সালের মার্চ থেকে ভারতের টেস্ট দলের বাইরে ছিলেন অভিজ্ঞ হরভজন। গত বাংলাদেশ সফরে জাদেজার বদলেই দলে ফিরেছিলেন তিনি। ফেরার পর ২ টেস্টে নেন ৪ উইকেট। স্পিন সহায়ক উইকেটেও হরভজনের বলে সেই ধার দেখতে পাননি নির্বাচকেরা। জাদেজাকে জায়গা দিতেই তাই আবার বাদ ৪১৭ টেস্ট উইকেট শিকারি স্পিনার।
আচরণবিধি ভাঙার দায়ে এক টেস্ট নিষিদ্ধ হলেও দলে রাখা হয়েছে ইশান্ত শর্মাকে।
ভারতের এই দল শুধু প্রথম দুই টেস্টের জন্য। শেষ দুই টেস্টের দল ঘোষণা হবে পরে।
৫ নভেম্বর মোহালি টেস্ট দিয়ে শুরু ৪ টেস্টের সিরিজ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের দলও ঘোষনা করেছেন নির্বাচকেরা। আগের দল থেকে পরিবর্তন একটিই, পেসার উমেশ যাদবের বদলে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শ্রীনাথ অরবিন্দ।
প্রথম ২ টেস্টের ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র, ভূবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, লোকেশ রাহুল, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, ইশান্ত শর্মা।
