২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলিংয়ের পর ব্যাটিংয়েও উজ্জ্বল তানভীর

তানভীর হায়দারের অলরাউন্ড পারফরম্যান্সে ঢাকা মেট্রোর বিপক্ষে লিড নেওয়ার খুব কাছে রংপুর বিভাগ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 06:29 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

খুলনায় জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে ঢাকা মেট্রোকে ২৪২ রানে গুটিয়ে দেওয়ার পর রংপুর দ্বিতীয় দিন শেষ করেছে ৬ উইকেটে ২৪১ রানে।

লেগ স্পিনে ৪ উইকেট নেওয়া তানভীর হায়দার ব্যাটিংয়েও রংপুরের হয়ে করেছেন সর্বোচ্চ রান। দিন শেষে অপরাজিত তিনি ৪২ রানে।

রংপুরের সংগ্রহটা হতে পারত আরও সমৃদ্ধ, যদি থিতু হয়েও আউট না হতেন একের পর এক ব্যাটসম্যান। প্রথম ৫ ব্যাটসম্যানের সবাই ২৫ ছাড়িয়েছেন, কিন্তু ৪০ ছাড়াতে পারেননি একজনও!

চারটি চার ও ২ ছক্কায় ৩৯ রান করেছেন অভিষিক্ত ওপেনার নবিন ইসলাম। মিডল অর্ডারের ভরসা অভিজ্ঞ নাঈম ইসলাম আউট হয়ে গেছেন প্রায় ২ ঘণ্টায় ৪০ রান করে। নাসির হোসেনও (৩১) একই পথে পা বাড়ালে ১৯১ রানেই ৬ উইকেট হারায় রংপুর।

সেখান থেকে ৫০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে লিড নেওয়ার কাছাকাছি নিয়ে গেছেন তানভীর হায়দার ও সোহরাওয়ার্দী শুভ।

দিনের শেষটার মত শুরুটাতেও জড়িয়ে ছিলেন তানভীর। সকালে ৭ উইকেটে ২১১ রান নিয়ে শুরু করা ঢাকা মেট্রোকে আড়াইশর আগেই থামান এই লেগ স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ে তিনবার নিলেন ৪ উইকেট, তবে অধরাই থেকে গেল ৫ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ১০৫ ওভারে ২৪২ (জাবিদ ২১*, সানি ১০, আসিফ ০, শহিদুল ১২*; সাজেদুল ১২-৪-২৬-১, সাদ্দাম ১১-৫-২৩-১, আরিফুল ৪-২-১৩-০, শুভ ৭-২-২৯-০, সঞ্জিত ৩১-১২-৩৮-৩, তানভীর ৩৪-৫-৮১-৪, নাসির ৬-৪-৪-০)।

রংপুর ১ম ইনিংস: ৭৫ ওভারে ২৪১/৬ (তারিক ২৭, নবিন ৩৯, আরিফুল ৩১, নাঈম ৪০, নাসির ৩১, ধীমান ২, তানভীর ৪২*, শুভ ২১*; শহিদুল ১২-৪-৩২-১, আসিফ আহমেদ ১০-৩-২৩-১, সানি ১৭-৫-৫৭-২, আসিফ হাসান ১৩-৪-৩৩-০, মাহমুদউল্লাহ ৯-০-৩৮-১, শরিফুল্লাহ ১১-০-৩৫-১, শামসুর ২-০-১২-০, মেহরাব ১-০-৬-০)।