স্পোর্টিং উইকেটে বেহাল খুলনার ব্যাটিং
প্রাণের ছোঁয়া থাকা উইকেট, মেঘলা আকাশ আর ঢাকার বোলারদের দারুণ বোলিং, এই তিনে মিলে বেহাল খুলনার ব্যাটিং।
ফতুল্লায় জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা খুলনা গুটিয়ে গেছে ১১৭ রানেই। তবে ব্যাটিংয়ে নেমে খুব স্বস্তিতে নেই ঢাকা বিভাগও। প্রথম দিন শেষ করেছে তারা ৩ উইকেটে ৭৭ রান নিয়ে।
বৃষ্টির কারণে প্রথম দিনে খেলা হতে পারেনি ২৬ ওভারের মত।
টস জিতে ব্যাটিংয়ে নামা খুলনা বড় কোনো জুটিই গড়তে পারেনি। সবচেয়ে বড় জুটিই ২৬ রানের! টেস্ট ওপেনার ইমরুল কায়েস প্রায় ২ ঘণ্টা উইকেটে থেকে করেছেন ২৭ রান, যেটি খুলনার সবচেয়ে বড় ইনিংস!
ঢাকার দুই আনকোরা বোলার মিলেই শেষ করে দিয়েছেন খুলনাকে। মাত্র তৃতীয় প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমেই নজর কেড়েছেন মাসুম খান। ইমরুল ও আরেক জাতীয় ক্রিকেটার এনামুল হকের উইকেটদুটি সহ নারায়ণগঞ্জের এই অফ স্পিনার নিয়েছেন ৪ উইকেট।
অভিষিক্ত তরুণ পেসার আলি আহমেদ মানিক নিয়েছেন দুটি উইকেট। দুটি নিয়েছেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ শরীফও।
মেঘলা আকাশের নীচে পরে বল হাতে ঢাকার ব্যাটসম্যানদের ভুগিয়েছেন খুলনার মুস্তাফিজুর রহমানও। দুটি উইকেট নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের হালের সেনসেশন এই বাঁহাতি পেসার। তবে এর মাঝেও উইকেটে থিতু হয়ে গেছেন ঢাকার অভিষিক্ত ওপেনার জয়রাজ শেখ। ৪৯ রান নিয়ে দিন শেষ করেছেন অনূর্ধ্ব-১৯ দলের এই ব্যাটসম্যান।
দিনশেষে ঢাকার অধিনায়ক শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ব্যখ্যা করলেন, দিনভর ব্যাটসম্যানদের ভোগার কারণ।
“উইকেট স্পোর্টিং। বাউন্স ভালো, ঘাসের ছোঁয়া আছে। সব বোলারের জন্য কিছু না কিছু আছে এতে। আবার চাইলে ব্যাটসম্যানরাও ভালো ব্যাট করতে পারেন। আমাদের বোলাররা আসলে দারুণ বোলিং করেছে। আর আকাশ মেঘলা ছিল, কন্ডিশন-উইকেট আমাদের বোলাররা কাজে লাগিয়েছে।”
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা ১ম ইনিংস: ৩৯.৪ ওভারে ১১৭ (ইমরুল ২৭, মেহেদি ২, এনামুল ১১, তুষার ৪, অমিত ২, নুরুল ২৬, জিয়াউর ৫, মিরাজ ৪, আবু বক্কর ১৩*, রাজ্জাক ১৩, মুস্তাফিজ ০*; মানিক ১৩-৪-৪৫-২, শরীফ ১২-২-৩৫-২. মাসুম ৮.৪-৪-১১-৪, মোশাররফ ৩-০-১৮-০, মায়সুকুর ১-১-০-১)।
ঢাকা ১ম ইনিংস: ২৪.১ ওভারে ৭৭/৩ (জয়রাজ ৪৯*, মজিদ ১০, সাইফুদ্দিন ০, রকিবুল ৫, মায়শুকুর ৮*; মুস্তাফিজ ১০-৩-৩৪-২, জিয়াউর ৫-৩-৯-১, মিরাজ ৩-০-১৪-০, রাজ্জাক ৬.১-২-১৬-০)।
