২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সতীর্থদের বানর বলে নিষিদ্ধ ভারমিউলেন

বর্ণবাদী মন্তব্য করার জন্য জিম্বাবুয়ের ব্যাটসম্যান মার্ক ভারমিউলেনকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে দেশটির বোর্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 04:52 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে জিম্বাবুয়ের কৃষ্ণাঙ্গদের ‘বানর’ বলেন ভারমিউলেন।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে উল্লেখ করে, “বর্ণবাদ জঘন্য এক বিষয় এবং এই অপরাধ করে পার পাওয়া যাবে না। আমরা দেখেছি, ভারমিউলেনের ফেইসবুক মন্তব্য অরূচিকর; এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

জিম্বাবুয়ের ক্রিকেটে বর্ণবাদ স্থায়ীভাবে জড়িয়ে আছে অভিযোগ করে দেশটির ক্রিকেট বোর্ডে একটি চিঠি দিয়েছিলেন সাবেক অধিনায়ক প্রসপার উতসেয়া। এটি নিয়ে ফেইসবুকে গত জুলাইয়ে এক পোস্টে এই মন্তব্য করেছিলেন ভারমিউলেন।

কৃষ্ণাঙ্গদের ‘বানর’ গালি দিয়ে ভারমিউলেন লিখেছিলেন, “আমরা যদি…কখনোই তাদের শিক্ষিত না করতাম, প্রসপারের এই সমস্যা থাকত না।”

পরে ভারমিউলেন পোস্টটি মুছে দিলেও এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন মন্তব্য করার জন্য ভারমিউলেন অবশ্য ক্ষমাও চান।

২০০২ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া ভারমিউলেনকে সম্ভাবনাময় এক ক্রিকেটারই ভাবা হতো। তবে অভিষেকের দুই বছর পর অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে গ্যাবায় ইরফান পাঠানের বাউন্সার লাগে তার মাথায়। ২০০৩ সালে নেটে ব্যাট করার সময়ও একই ধরনের আঘাত পেয়েছিলেন তিনি। সেই থেকেই তার আচরণে অসংলগ্নতা দেখা দিতে শুরু করে।

২০০৬ সালে ইংল্যান্ডে একটি ক্লাব ম্যাচে খেলার সময় কিছু দর্শকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ায় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড তাকে সে দেশে ক্রিকেট খেলা থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছিল। জাতীয় দলে সুযোগ না পাওয়ার হতাশায় ওই একই বছর জিম্বাবুয়ের ক্রিকেট একাডেমিতে আগুন লাগিয়ে দিয়েছিলেন ভারমিউলেন। 
 
মনোরোগে ভুগছিলেন বলে ২০০৮ সালে আগুন লাগানোর অপরাধ থেকে ভারমিউলেনকে মুক্তি দেওয়া হয়। পরের বছর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি। ফেরার ম্যাচে একটি অর্ধশতকও করেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
 
ফর্মহীনতার কারণে আবার দল থেকে বাদ পড়েন ভারমিউলেন। তবে গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন তিনি।