২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেকে সবচেয়ে বাজে আদিল রশিদ!

টেস্ট অভিষেকে এক ইনিংসে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 08:53 PM

Updated : 12 Oct 2022, 04:17 PM

আদিল রশিদকে নিয়ে অনেক স্বপ্ন ইংলিশ ক্রিকেটের। আক্রমণাত্মক লেগ স্পিনার রশিদ, হতে পারেন ম্যাচ জয়ী বোলার। লেগ স্পিনের শেষ কথা যিনি, সেই শেন ওয়ার্ন স্বয়ং ক’দিন আগে জানিয়েছেন রশিদকে নিয়ে তার উচ্ছ্বাসের কথা।

সেই রশিদের টেস্ট অভিষেক হলো এমন এক রেকর্ডে যা নিজের সুদূরতম দু:স্বপ্নেও ভাবেননি তিনি।

পাকিস্তানের বিপক্ষে আবু ধাবি টেস্টে রশিদ বোলিং করেছেন ৩৪ ওভার, পাননি কোনো মেডেন। রান দিয়েছেন ১৬৩, উইকেট নেই একটিও! টেস্ট ইতিহাসে এই প্রথম অভিষেকে দেড়শ’ রান দিয়েও উইকেট পেলেন না কোনো বোলার।

এক শোয়েব মালিকই রশিদের ৮৪ বলে নিয়েছেন ৭৬ রান। ৩৯ বলে ৪৩ রান নিয়েছেন মোহাম্মদ হাফিজ; ৭৭ বলে ৪২ আসাদ শফিক।

এর আগে টেস্ট অভিষেকে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড ছিল আরেক লেগ স্পিনার অস্ট্রেলিয়ার ব্রাইস ম্যাকগেইনের। ২০০৯ সালে ৩৭ ছুঁইছুঁই বয়সে অভিষেক হয়েছিল ম্যাকগেইনের, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে। ১৪৯ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য!

গত বছর ইংল্যান্ড সফরে সাউদাম্পটনে ১৪৬ রান নিয়ে উইকেট পাননি অভিষিক্ত ভারতীয় পেসার পঙ্কজ সিং। ১৯৫১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪২ রান দিয়েও উইকেটশূন্য ছিলেন ইংলিশ পেসার জন ওয়ার।

যাকে স্বস্তি দিয়ে অনাকাঙ্খিত রেকর্ডটি নিজের করে নিয়েছেন রশিদ, সেই ম্যাকগেইনের টেস্ট ক্যারিয়ার থমকে গেছে ওই এক ম্যাচেই। তবে রশিদ অনুপ্রেরণা মানতে পারেন কিংবদন্তি শেন ওয়ার্নকেই। অভিষেকে ১৫০ রান দিয়ে মাত্র ১টি উইকেট জুটেছিল ওয়ার্নের। সেই তিনিই পরে হয়ে উঠেন লেগ স্পিনের শেষ কথা!