সোবার্সের রেকর্ড ছুঁলেন শফিক
গ্যারি সোবার্সের গড়া ৬ নম্বরে ৮ শতকের রেকর্ড স্পর্শ করলেন পাকিস্তানের আসাদ শফিক।
এমনিতে স্যার গ্যারি সোবার্স ও আসাদ শফিককে একই বন্ধনীতে রাখা যাবে না কোনো দিক থেকেই। সোবার্স সর্বকালের সেরা অলরাউন্ডার বলে প্রায় সর্বজন স্বীকৃত, অনেকের মতে সর্বকালের সেরা ক্রিকেটার। এমনকি শুধু ব্যাটসম্যান হিসেবেও থাকেন সর্বকালের সেরাদের ছোট্ট তালিকায়।
শফিক সেখানে এখনও পায়ের নিচের শক্ত জমিন গড়ার লড়াইয়ে থাকা এক ব্যাটসম্যান। এখনকার বিশ্ব ক্রিকেটেও তিনি এমন কোনো নাম নন। পাকিস্তানের টেস্ট দলে জায়গা পোক্ত করেছেন খুব বেশি দিন হয়নি।
বাঁহাতি সোবার্স ব্যাট হতে প্রায়ই থাকতেন রুদ্ররূপে। তার ব্যাটিংয়ের শেষ কথা ছিল আক্রমণ। ক্রিকেট বইয়ের এমন কোনো শট নেই যে খেলতে পারতেন না। ডানহাতি শফিক সেখানে শান্ত, ধীর এক ব্যাটসম্যান। শটের ভাণ্ডার যার সীমাবদ্ধ, খেলেনও নিজের সেই সীমার ভেতর থেকেই।
তবে দুই মেরুর এই দুজন এখন একটা জায়গায় পাশাপাশি। ৬ নম্বরে সবচেয়ে বেশি শতক!
সোবার্সের ২৬ টেস্ট শতকের ৮টি ছিল ৬ নম্বরে ব্যাট করে। এই পজিশনে সবচেয়ে বেশি শতকের বিশ্ব রেকর্ডও এটিই।
বুধবার আবু ধাবি টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতক করেছেন শফিক। সবকটি শতকই ৬ নম্বরে ব্যাট করে।
৬ নম্বরে সোবার্সের ৮ শতক ছিল ৫৭ ইনিংসে। শফিক ছুঁয়ে ফেললেন ৫২ ইনিংসে।
৬ নম্বরে ৭টি করে শতক আছে চারজনের-ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দরপল, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, শ্রীলঙ্কার হাশান তিলকরত্নে ও ইংল্যান্ডের টনি গ্রেগ।
আর ৬ নম্বরে ৬টি করে শতক আছে ৬ জনের- পাকিস্তানের আসিফ ইকবাল, ইংল্যান্ডের ইয়ান বেল, অস্ট্রেলিয়ার ডগ ওয়াল্টার্স, স্টিভ ওয়াহ ও অ্যালান বোর্ডার এবং ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েডের।
শফিকের বয়স ২৯, ক্যারিয়ারের বাকি এখনও অনেক পথ। সোবার্সকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তাই ভালোমতোই আছে এই ব্যাটসম্যানের।
