বিপিএলে ক্রিকেটার বেছে নেওয়ার তারিখ ২৬ অক্টোবর
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের ছয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের বেছে নিয়ে দল সাজাবে আগামী ২৬ অক্টোবর। ক্রিকেটারদের দলে টানার এই তারিখ এগিয়ে এনেছে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল।
এর আগে গভর্নিং কাউন্সিল ‘প্লেয়ার্স বাই চয়েস’ পদ্ধতিতে ক্রিকেটারদের বেছে নেওয়ার তারিখ ৩১ অক্টোবর ঠিক করেছিল।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, ফ্র্যাঞ্চাইজিগুলো ২৬ অক্টোবর দল গঠন করবে।
বিপিএলের তৃতীয় আসরের ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনের প্রক্রিয়ার কেতাবি নাম ‘প্লেয়ার্স বাই চয়েস’। এই প্রক্রিয়ায় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে লটারি হবে। লটারিতে এক থেকে ছয় নম্বর পাওয়া ফ্র্যাঞ্চাইজি ক্রমানুসারে খেলোয়াড় বেছে নিবে।
দলেরগুলোর মধ্যে শক্তির ভারসাম্য রাখতে প্লেয়ার্স বাই চয়েসে এবার একবার লটারির পর দুইবার খেলোয়াড় বাছা যাবে। প্রথমবার এক থেকে ছয় নম্বর এবং পরের বার ছয় থেকে এক নম্বর ফ্র্যাঞ্চাইজি ক্রমানুসারে খেলোয়াড় বেছে নেবে। এরপর নতুন করে লটারি করে আবার এই একই নিয়মে বিভিন্ন ক্যাটাগরি থেকে খেলোয়াড় বেছে নেওয়া যাবে।
আগামী ২০ নভেম্বর হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। খেলা শুরু হবে ২২ নভেম্বর। তৃতীয় আসরের ফাইনাল হবে ১৫ ডিসেম্বর।
এবারের আসরের খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে। টুর্নামেন্টের শুরু ও ফাইনাল হবে ঢাকায়, মাঝখানে চার-পাঁচ দিন ম্যাচ হবে চট্টগ্রামে। প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। প্রথম খেলা শুরু হবে বেলা দুইটায়, দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সোয়া সাতটায় ।
ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। এবারের আসরে বিজ্ঞাপনের জন্য যেন দর্শকদের কোনো ওভারের একটি বলও সরাসরি দেখা থেকে বঞ্চিত না হতে হয় গভর্নিং কাউন্সিল তার উদ্যোগ নিচ্ছে বলে জানান জালাল ইউনুস।
বিপিএলের সেমি-ফাইনালের ফরম্যাটে কিছুটা পরিবর্তন এনেছে গভর্নিং কাউন্সিল। মল্লিক জানান, গ্রুপ পর্বের শীর্ষ দুই দল খেলবে প্রথম সেমি-ফাইনালে। এই ম্যাচের জয়ী দল খেলবে ফাইনালে, হেরে যাওয়া দল খেলবে দ্বিতীয় সেমি-ফাইনালে।
তৃতীয় ও চতুর্থ হওয়া দল দুটি খেলবে এলিমিনেটর ম্যাচে। হেরে যাওয়া দল বাদ পড়বে, জয়ী দল খেলবে দ্বিতীয় সেমি-ফাইনালে।
