আসিফ, আমিরদের নিয়ে আপত্তি নেই বিসিবির
শাস্তি পাওয়া পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে আইসিসি মাঠে ফেরার অনুমতি দেওয়ায় বিপিএলে তাদের খেলানোয় কোনো সমস্যা দেখছেন না গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
ম্যাচ পাতানোর দায়ে শাস্তি পাওয়া পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, আসিফ ও আমিরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গত ১ সেপ্টেম্বর। তাদের ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে আইসিসি। এদের মধ্যে আসিফ ও আমির আছেন বিপিএলের জন্য নিবন্ধিত বিদেশি ক্রিকেটারদের তালিকায়।
বিপিএলে ম্যাচ পাতানোয় সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল যার বিরুদ্ধে, সেই ইংলিশ অলরাউন্ডার ড্যারেন স্টিভেন্সও আছেন তালিকায়।
বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএল গভর্নিং কাউন্সিলের সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠল অভিযুক্ত ক্রিকেটারদের খেলার সুযোগ দেওয়া নিয়ে।
তাদের নিবন্ধিত করা নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করলেন মল্লিক।
“আমির, আসিফদের শাস্তি হয়েছে। শাস্তি কাটানোর পর আইসিসি ছাড়পত্র দিয়েছে বলেই ওদের তালিকায় রাখা হয়েছে। আমির বা স্টিভেন্স, সবাই ছাড়পত্র পেয়েছে। আরেকটা ব্যাপার হলো, অভিযোগ তো থাকতেই পারে। আইপিএলেও ১১২ জন ক্রিকেটারের বিরুদ্ধে ছিল অভিযোগ। খেলা তো বন্ধ থাকেনি।”
বরং ক্রিকেটে দুর্নীতির ব্যাপারে নিজেদের আপোষহীনতার কথা আবারও জোর দিয়ে বললেন এই বিসিবি পরিচালক।
“শুধু আমরাই, একমাত্র বোর্ড যারা অভিযুক্তদের বিচার করে শাস্তি দিয়েছি। এটার স্বার্থে আমরা এক বছর টুর্নামেন্ট বাদও রেখেছি যেন এই ব্যাপারটার মীমাংসা হয়। আইসিসি থেকেও আমাদের অনেক প্রশংসা করা হয়েছে।”
