২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসিতে সমাধান খুঁজবে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান মনে করছেন, নিরাপত্তা নিয়ে শঙ্কার জন্য বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকতে পারে না। কোনো হুমকির শঙ্কায় বিদেশি দলগুলোর সফর যেন স্থগিত না হয় - তা সমাধানের জন্য আইসিসির আগামী সভার দিকে তাকিয়ে আছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2015, 08:03 PM

Updated : 25 Apr 2022, 01:57 PM

আগামী শুক্রবার দুবাইয়ে শুরু হবে আইসিসির সভা। সোমবার এক সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান বলেন, “আমি জানি আইসিসিতে আমি একটা কথা বললে সবাই সেটা গুরুত্ব দিয়ে শুনবে। আমি আইসিসিকে এবং তাদের সবাইকে বোঝানোর চেষ্টা করব, অতীত কোনো রেকর্ড না থাকলে হুমকির জন্য কোথাও খেলা বন্ধ হতে পারে না।” 
 
গত বৃহস্পতিবার নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফর স্থগিত করার ঘোষণা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। সোমবার দুই ক্রিকেট বোর্ডের যৌথ সম্মতিতে স্থগিত করা হয়েছে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফর।   
 
বিসিবি প্রধান মনে করেন, গোটা ব্যাপারটায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির একটি ভূমিকা থাকা উচিত।

“নয়তো আজ  এখানে, কাল ওখানে (হুমকি দিলে) তো খেলাই বন্ধ হয়ে যাবে। হুমকি তো সব দেশেই আছে; তাই বলে তো আর খেলা বন্ধ হবে না। এতে আইসিসিরও একটি ভূমিকা থাকতে হবে। ওদেরকে তো একটা সমাধান আনতে হবে।”
 
বোর্ড প্রধানের বিশ্বাস, সমস্যা সমাধানের জন্য সবার বসে আলোচনা করতে হবে। কেবল সিইও পর্যায়ে চিঠি চালাচালি করে এই সমস্যার সমাধান সম্ভব নয়।
 
“সন্ত্রাসের কারণে বা হুমকির কারণে ক্রিকেট খেলা বন্ধ হবে, এটা আমি মেনে নিতে পারি না। আমি মনে করি, আইসিসিকে আমাদের বোঝানোর চেষ্টা করতে হবে, এটার জন্য খেলা বন্ধ হতে পারে না। কি করলে হুমকি থাকলেও আমরা খেলতে পারি সেই সমাধান আমাদের বের করতে হবে। সেটাই আমি আইসিসি সভায় বোঝানোর চেষ্টা করব।”