২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনিংস হারে ভারত সফর শেষ মুমিনুলদের

শেষ দিন ইনিংস হার এড়াতে পারল না বাংলাদেশ ‘এ’ দল। ভারত ‘এ’ দলের কাছে ইনিংস ও ৩২ রানের হার দিয়ে সফর শেষ করেছে মুমিনুল হকের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 01:23 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

তিন দিনের ম্যাচে প্রথম ইনিংসে ২২৮ রান করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ১৫৩ রানে।  
 
এর আগে ভারত ‘এ’ দলের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ ‘এ’ দল। পরে ভারতের রঞ্জি ট্রফির শিরোপাধারী দল কর্নাটকের কাছে তিন দিনের ম্যাচে হারে তারা।
 
মঙ্গলবার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামি স্টেডিয়ামে ২ উইকেটে ৩৬ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। দেখেশুনে খেলে দলকে ইনিংস হার এড়ানোর স্বপ্ন দেখান মুমিনুল-লিটন। তাদের ৬১ রানের জুটিতে এক সময় অতিথিদের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৮২ রান।
 
ইশ্বর পান্ডের বলে লিটন (৩৮) বোল্ড হলে ভাঙে বাংলাদেশের প্রতিরোধ। মাত্র ৫ রান যোগ করতে লিটন, প্রথম ইনিংসে অপরাজিত শতক করা সাব্বির রহমান (০), নাসির হোসেন (১) ও শুভাগত হোম চৌধুরীর (০) উইকেট হারিয়ে চাপে পড়ে অতিথিরা। 
 
৮৭ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ তাকিয়ে ছিল অধিনায়ক মুমিনুলের (৫৪) দিকে। কিন্তু অর্ধশতকে পৌঁছে তিনি ফিরে গেলে অতিথিদের সব আশা শেষ হয়ে যায়।
 
শেষের দিকে সাইকলাইন সজীব (২১) ও শফিউল ইসলাম (অপরাজিত ১৩) পরাজয়ের ব্যবধান কমিয়েছেন কেবল। চোটের জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করেননি পেসার রুবেল হোসেন। 
 
ভারতের পান্ডে (৩/২৮) ও জয়ন্ত যাদব (৩/৪৮) তিনটি করে উইকেট নেন।  
 
অধিনায়ক শিখর ধাওয়ানের ১৫০ রানের সুবাদে ৫ উইকেটে ৪১১ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল ভারত।