২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ফিরলেন মরকেল

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন আলবি মরকেল। ডেভিড ভিজের আঙুলের চোটের কারণে সুযোগটি পেয়েছেন এই অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 07:10 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

আগামী অক্টোবরে ভারত সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। ২ অক্টোবরের ম্যাচ দিয়ে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচে নামলেই ব্যক্তিগত ৫০তম টি-টোয়েন্টি খেলবেন মরকেল। ১৮ মাসের মধ্যে এই ঘরানার প্রথম ম্যাচও খেলা হবে ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডারের।

২০০৫ সালে জোহানেসবার্গে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু মরকেল ভাইদের বড় জনের। এই ঘরানার সর্বশেষ ম্যাচটি তিনি খেলেছিলেন গত বছর এপ্রিলে; ভারতের বিপক্ষে।

এবারের ভারত সফরে তিনটি টি-টোয়েন্টি ছাড়াও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও চার টেস্টের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ১১ অক্টোবর কানপুরের ম্যাচ দিয়ে ওয়ানডে সিরিজ আর ৯ নভেম্বর চন্ডিগড়ের ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের টেস্ট সিরিজ।