বাংলাদেশ সফরে নেই অস্ট্রেলিয়ার কামিন্স
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল থেকে ছিটকে পড়েছেন প্যাট কামিন্স। চোট পাওয়া এই পেসারের জায়গায় অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন জেমস ফকনার।
ক্রিকেট অস্ট্রেলিয়া বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে জানায়, পিঠের চোটের কারণে দলের বাইরে ছিটকে পড়েছেন কামিন্স। তবে মাঠে ফিরতে তার কতটা সময় লাগবে, এই বিষয়ে কিছুই জানায়নি সংস্থাটি।
কামিন্সের চোট প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার ফিজিও ডেভিড বিকলি জানান, ব্রিটেনে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে পিঠে ব্যথা অনুভব করেন তিনি। অস্ট্রেলিয়ায় ফিরে আসার পরও তার ওই ব্যথা ছিল।
বিকলি আরও বলেন "গতকাল তার এমআরআই স্ক্যান করা হয়েছে। তাতে দুর্ভাগ্যবশত তার পিঠের নিচের অংশের হাঁড়ে চিড় ধরা পড়েছে।"
২২ বছর বয়সী এই ক্রিকেটার এর আগেও কয়েকবার বড় ধরনের চোটে পড়েছেন। পিঠের এবারের চোটের মতো একই কারণে এর আগে ২০১২-১৩ মৌসুমে পুরোটা গ্রীষ্মের জন্যেই ছিটকে পড়েছিলেন কামিন্স।
