অস্ট্রেলিয়ার বিপক্ষে বিসিবি একাদশে নেই বিশেষজ্ঞ স্পিনার
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন দিনের ম্যাচের দলে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। চার পেসারের সঙ্গে আছেন কয়েকজন অফ স্পিনিং অলরাউন্ডার।
মঙ্গলবার ঘোষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৩ সদস্যের দলে নেই কোনো বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলতে আগামী সোমবার ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথরা ৩ অক্টোবর থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবেন।
সেই ম্যাচের দলে আছেন জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস, মিডল অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। এছাড়াও এনামুল হক, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুনের মতো ব্যাটসম্যানরা আছেন বিসিবি একাদশে।
শফিউল ইসলাম ও আল আমিন হোসেনের সঙ্গে আছেন দুই তরুণ পেসার আবু জায়েদ ও কামরুল ইসলাম। এই চার পেসারের সঙ্গে বোলিং আক্রমণে থাকবেন নাঈম ইসলাম, শুভাগত হোম চৌধুরী, মাহমুদুল হাসান, মোসাদ্দেক হোসেনের মতো অফ স্পিনিং অলরাউন্ডাররা।
ডাক পাওয়া ক্রিকেটারদের ২ অক্টোবর বেলা আড়াইটায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।
আগামী ৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ও ১৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।
বিসিবি একাদশ: ইমরুল কায়েস, এনামুল হক, মাহমুদুল হাসান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম চৌধুরী, নাঈম ইসলাম, আল আমিন হোসেন, কামরুল ইসলাম, আবু জায়েদ, শফিউল ইসলাম।
