২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেট লিগে বৃষ্টির দাপট

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিনে দাপট দেখিয়েছে বৃষ্টি। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবালদের অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে মেঘলা আকাশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 03:43 PM

Updated : 26 Jul 2022, 12:05 PM

রোববার তৃতীয় দিন জাতীয় ক্রিকেট লিগের চার ম্যাচের কোনোটিই মাঠে গড়াতে পারেনি। বেলা দেড়টার পর একে একে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
 
প্রথম স্তরের ম্যাচে ঢাকা বিভাগের ১৮৭ রানের জবাবে খুলনা বিভাগের সংগ্রহ ৪ উইকেটে ১৬৮ রান। এই স্তরের অন্য ম্যাচে ঢাকা মেট্রোর ২৩৮ রানের জবাবে রংপুর বিভাগের সংগ্রহ ৫ উইকেটে ২৬৬ রান। 
 
দ্বিতীয় স্তরের ম্যাচে তিন দিন পার হয়ে গেলেও সিলেট বিভাগের প্রথম ইনিংস শেষ হয়নি। চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৮ উইকেটে ৩৫২ রান করেছে অলক কাপালীর দল। 
 
অতি নাটকীয় কিছু না হলে জাতীয় ক্রিকেট লিগের তিন ম্যাচে ফলের কোনো সম্ভাবনা নেই। তবে চতুর্থ দিন বৃষ্টি হানা না দিলে ফল হতে পারে দ্বিতীয় স্তরের বরিশাল বিভাগ-রাজশাহী বিভাগের ম্যাচে। জয়ের জন্য মুশফিকের দলের প্রয়োজন আরও ৩৪৫ রান আর বরিশালের চাই ১০ উইকেট। 
 
বরিশালের ৩০২ রানের জবাবে প্রথম ইনিংসে ৯৩ রানে অলআউট হয় রাজশাহী। দ্বিতীয় ইনিংসে ১৬০ রানে গুটিয়ে যাওয়া ফজলে মাহমুদের দল রাজশাহীকে ৩৭০ রানের লক্ষ্য দেয়। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে রাজশাহীর সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২৫ রান।