২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৌহিদে আড়াল সানজামুলের অর্জন

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ম্যাচে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন সানজামুল ইসলাম। কিন্তু দলকে বিপদ থেকে বাঁচাতে পারেননি এই বাঁহাতি স্পিনার। পেসার তৌহিদুল ইসলামের ক্যারিয়ার সেরা বোলিংয়ে রাজশাহী বিভাগকে ৩৭০ রানের কঠিন লক্ষ্য দিয়েছে বরিশাল বিভাগ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 05:30 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিনের খেলা শেষে রাজশাহীর সংগ্রহ বিনা উইকেটে ২৫ রান। নাজমুল হোসেন ১৬ ও জহুরুল ইসলাম ৯ রান নিয়ে উইকেটে আছেন। জয়ের জন্য আরও ৩৪৫ রান চাই মুশফিকুর রহিমদের।

শনিবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ২ উইকেটে ১৯ রান নিয়ে খেলা শুরু করে স্বাগতিকরা। ১৮ উইকেট পতনের দিনে মুশফিকদের প্রথম ইনিংস শেষ হয় মাত্র ৯৩ রানে।

তৌহিদের পেসের সামনে দাঁড়াতেই পারেননি রাজশাহীর ব্যাটসম্যানরা। জহুরুলকে বোল্ড করে উইকেট শিকার শুরু করেন আগের দিন ফরহাদ হোসেনকে ফেরানো তৌহিদ।  তার দাপটে ২৪ রানেই ছয় উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে স্বাগতিকরা।

চেষ্টা করেছিলেন মুশফিক, কিন্তু দলীয় সর্বোচ্চ ৩২ রান করা এই ব্যাটসম্যান দলকে বিপদমুক্ত করতে পারেননি। তৌহিদের বলে অধিনায়ক বোল্ড হলে স্বাগতিকদের বড় সংগ্রহের স্বপ্ন সেখানেই শেষ হয়ে যায়।

দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করা মুক্তার আলীকে ফিরিয়ে ১১ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান তৌহিদ। পরে দেলোয়ার হোসেনকে আউট করে রাজশাহীকে ৯৩ রানে গুটিয়ে দেন তিনি।

৩১ রানে ৬ উইকেট নিয়ে তৌহিদই বরিশালের সেরা বোলার। এছাড়া গোলাম কিবরিয়া ৩ উইকেট নেন ১১ রানে।

২০৯ রানের লিড পেলেও রাজশাহীকে ফলোঅন করায়নি বরিশাল। দ্বিতীয় ইনিংসে তাদের ১৬০ রানে অলআউট করে লক্ষ্যটা চারশ’ রানের নিচে রাখতে পেরেছে রাজশাহী।

সানজামুলের সঙ্গে ফরহাদ হোসেন ও ফরহাদ রেজার দারুণ বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারেনি বরিশালের ব্যাটসম্যানরা।

প্রথম ইনিংসে শতক করা মোসাদ্দেক হোসেন করেন সর্বোচ্চ ৪০ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে অধিনায়ক ফজলে মাহমুদের ব্যাট থেকে। এছাড়া ২৫ রান করেন সোহাগ গাজী।

৪৯ রানে চার উইকেট নিয়ে সানজামুল রাজশাহীর সেরা বোলার। এর আগে প্রথম ইনিংসে ১২৩ রানে ৬ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। ফরহাদ হোসেন ৩ উইকেট নেন ২০ রানে। ফিরতি ক্যাচ নিয়ে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে ফেরানো ফরহাদ রেজা ৩১ রানে নেন তিন উইকেট।  

সংক্ষিপ্ত স্কোর:

বরিশাল: ৩০২ ও ১৬০ (নাফীস ১২, পিনাক ১১, মাহমুদ ৩৫, সজীব ১, মোসাদ্দেক ৪০, সোহাগ ২৫, আল-আমিন ১২, শাহিন ৫, মনির ১৯, তৌহিদ ০, কিবরিয়া ০*; দেলওয়ার ২-০-১৬-০, ফরহাদ রেজা ১১-৪-৩১-৩, মুক্তার ৪-০-২০-০, সানজামুল ১৭.৪-১-৪৯-৪, নিহাদ ৩-০-২৪-০, ফরহাদ হোসেন ৭-০-২০-৩)

রাজশাহী: ৯৩ (জহুরুল ১২, নাজমুল ০, ফরহাদ ৪, নিহাদ ৪, তারেক ০, মুশফিক ৩২, হামিদুল ১, ফরহাদ রেজা ১৫, মুক্তার ১৮, সানজামুল ০, দেলওয়ার ২; তৌহিদ ১৫-৪-৩১-৬, সোহাগ ১০-১-২৫-১, মনির ১১-২-২৫-০, কিবরিয়া ৮-৬-১১-৩) ও ২৫/০ (নাজমুল ১৬*, জহুরুল ৯*; সোহাগ ৩-০-১১-০, তৌহিদ ২-০-৫-০, মনির ১-০৯-০)