মোসাদ্দেকের শতকে বরিশালের লড়াই
তরুণ মোসাদ্দেক হোসেনের শতকে জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় টায়ারের ম্যাচে রাজশাহী বিভাগের বিপক্ষে লড়ছে বরিশাল বিভাগ। মোসাদ্দেকের বীরেত্বর পরও সানজামুল ইসলামের নৈপুণ্যে প্রথম দিনই অলআউট হয়েছে দলটি।
শুক্রবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩০২ রানে অলআউট হয়ে যায় বরিশাল। জবাবে দিন শেষে ২ উইকেটে ১৯ রান করে রাজশাহী।
জহুরুল ইসলাম ৮ আর নাইটওয়াচম্যান নিহাদ উজ জামান ৪ রানে ব্যাট করছেন। দ্বিতীয় ওভারেই সোহাগ গাজীর বলে নাজমুল হোসেন বোল্ড হয়ে গেলে শুরুতেই চাপে পড়ে রাজশাহী। পঞ্চম ওভারে তৌহিদুল ইসলাম ফরহাদ হোসেনকে বিদায় করলে বিপদ আরও বাড়ে স্বাগতিকদের।
এখনও ২৮৩ রানে পিছিয়ে রয়েছে মুশফিকুর রহিমের রাজশাহী।
এর আগে পিনাক ঘোষের সঙ্গে ৭৩ রানের উদ্বোধনী জুটিতে বরিশালকে ভালো সূচনা এনে দেন নাফীস। সানজামুল ২৩.১ ওভার স্থায়ী এই জুটি ভাঙার পর দ্রুত অধিনায়ক ফজলে মাহমুদ, মোহাম্মদ সজীব বিদায় নিলে চাপে পড়ে বরিশাল।
মোসাদ্দেকের সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে ফিরে যান নাফীসও। দলীয় ১৩৯ রানে নিহাদ উজ জামানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ৭৫ রান করেন তিনি। এই বাঁহাতি ব্যাটসম্যানের ১৩২ বলের ইনিংসটি গড়া ১২টি চারে।
এসেই পাল্টা আক্রমণে দ্রুত রান তোলা সোহাগ গাজী তরুণ মোসাদ্দেকের সঙ্গে ৬৭ রানের ভালো একটি জুটি উপহার দেন। মুক্তার আলীর বলে বোল্ড হওয়ার আগে ৪৬ বলে ৫টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৫২ রানের ঝড়ো এক ইনিংস খেলেন সোহাগ।
সোহাগের বিদায়ের পর প্রায় একাই খেলতে হয় মোসাদ্দেককে। দলীয় ২৬৯ রানে নবম ব্যাটসম্যান হিসেবে তৌহিদুল আলম আউট হলে তার শতক করা নিয়েই শঙ্কা জাগে। তবে ছক্কা হাঁকিয়ে চলতি আসরের প্রথম শতকে ঠিকই পৌঁছান তিনি।
ফরহাদ হোসেনের শিকারে পরিণত হওয়ার আগে দলের সংগ্রহ তিনশও পার করেন মোসাদ্দেক। ১৪৯ বলে খেলা তার ১২২ রানের দারুণ ইনিংসটি ১১টি চার ও ৬টি ছক্কা সমৃদ্ধ।
বাঁহাতি স্পিনার সানজামুল ১২৩ রানে নেন ৬ উইকেট। এ নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ছয়বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল: ৩০২ (নাফীস ৭৫, পিনাক ২১, মাহমুদ ১৪,সজীব ০, মোসাদ্দেক ১২২, সোহাগ ৫২, আল-আমিন ৮, শাহিন ৪, মনির ০, তৌহিদ ০, কিবরিয়া ৪*; দেলওয়ার ৭-১-৩১-০, ফরহাদ রেজা ১৭-২-৫৭-১, মুক্তার ১৪-৪-৪১-১, সানজামুল ৩১-৭-১২৩-৬, ফরহাদ হোসেন ১.৩-০-৯-১, নিহাদ ৮-১-৪০-১ )।
রাজশাহী: ১৯/২ (জহুরুল ৮*, নাজমুল ০, ফরহাদ ৪, নিহাদ ৪*; তৌহিদ ৩-১-৫-১, সোহাগ ৪-০-৯-১, মনির ২-০-৪-০)।
