২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণদের চাপে পিষ্ট দেখতে চান না স্টুয়ার্ট ল

তরুণ ক্রিকেটারদের ওপর প্রত্যাশার ভার চাপিয়ে না দিতে অনুরোধ করেছেন স্টুয়ার্ট ল। ছেলেদের উন্নতিতেও খুশি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই টেকনিক্যাল পরামর্শক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 08:30 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ স্টুয়ার্ট ল নতুন দায়িত্ব নিয়ে বাংলাদেশে ফেরেন গত ২৪ অগাস্ট। এরপর খুলনায় নিবিড় অনুশীলন শেষে কদিন আগে ঢাকায় ফেরে অনূর্ধ্ব-১৯ দল।

দেশের মাটিতে আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা জিতবে বাংলাদেশ, দেশের ক্রিকেট আঙিনায় কান পাতলেই শোনা যায় এই প্রত্যাশা।

বৃহস্পতিবার মিরপুরের বিসিবি একাডেমিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ল। তরুণদের ওপর প্রত্যাশার ভার চাপিয়ে দেওয়া নিয়ে তার কণ্ঠে ধরা পড়ল চাপা ক্ষোভ।

“দলকে সমর্থন করা সবসময়ই দারুণ। তবে আমার মনে হয় না চাপটা আমজনতা বা বোর্ডের কাছ থেকে আসছে। চাপটা আসছে সংবাদমাধ্যমের কাছ থেকে। তারাই মনে হয় সবার ওপর চেপে বসে বলতে চাইছে, জিততেই হবে। বাচ্চা ছেলেগুলোর ওপর এটা অনেক বড় চাপ। এমনিতেই ক্রিকেটে অনেক চাপ, তারউপর আরও চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি ওদেরকে এই আলোচনার বাইরে রাখার চেষ্টা করছি। মূল লক্ষ্য যদি হয় জিততেই হবে, তাহলে কেউ জিততে পারে না।”

ল প্রত্যাশার ভার চাপিয়ে দেওয়ার দায় শুধু সংবাদমাধ্যমকে দিলেও এই কোচকে নিয়োগ দেওয়ার সময় বিসিবি পরিচালক খালেদ মাহমুদ বলেছিলেন, আকাশ ছোঁয়ার তাড়না থেকেই লকে ফেরানো। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ।

খুলনার ক্যাম্পে ছেলেদের উন্নতি দেখেও খুশি ল।

“কঠোর পরিশ্রম করেছে ছেলেরা। অল্প সময়ে অনেক ক্রিকেট খেলা হয়েছে। ছেলেদের নিবেদন ছিল দারুণ। প্রতিবারই মাঠে নেমে ছেলেরা উন্নতি করেছে। আগের ভুল থেকে শেখার চেষ্টা করেছে। এটা খুব ভালো।”

ল জানালেন, ক্যাম্পে 'রানিং বিটুইন দ্য উইকেট' নিয়ে বাড়তি কাজ করা হয়েছে।

“উপমহাদেশে ক্রিকেটের একটা আশঙ্কাজনক ব্যাপার হলো রানিং বিটুইন দ্য উইকেট। অনেক বেশি রান আউট হয় এবং সেটা হয় সংশয় থেকে। সম্ভবত এই বিষয়টা এখানে উপেক্ষিত। অস্ট্রেলিয়ায় আমরা রানিং বিটুইন দ্য উইকেট নিয়ে গর্ববোধ করি, এটা ম্যাচ জেতায়। ছেলেদের ভেতর আমি সেই বোধ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি।”