২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার ডাকে রোমাঞ্চিত সাকিব

প্রায় ৩ বছর পর ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলবেন সাকিব আল হাসান। আরও পেছনে গেলে, গত প্রায় ৭ বছরে খেলবেন মাত্র দ্বিতীয়বার! তবে বিশ্বসেরা অলরাউন্ডার বেশি খুশি ম্যাচটি খুলনায় খেলতে পারছেন বলে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 08:45 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

পরিসংখ্যানের আশ্রয় না নিয়ে বলে দেওয়াতেও কোনো ঝুঁকি নেই, বাংলাদেশের ব্যস্ততম ক্রিকেটার সাকিব। বাংলাদেশের হয়ে তিন সংস্করণেই তিনি অপরিহার্য নাম। জাতীয় দলের একটি ম্যাচেও বিশ্রাম নেওয়ার জো নেই। ক্রিকেট বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতেও তার কদর অনেক।

মাঠের ক্রিকেটে এত ব্যস্ত সময়ের মধ্যেই কখনও কখনও ছোবল দেয় চোট। পাশাপাশি অক্লান্ত খেলে যাওয়া শরীরটাকে বিশ্রামও দিতে হয়। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন যিনি, সেই সাকিবকে বলতে গেলে একদমই পায় না দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট।

এখানে সাকিব সবশেষ খেলেন ২০১২ সালের নভেম্বরে, জাতীয় ক্রিকেট লিগে খুলনার হয়ে রংপুরের বিপক্ষে খেলেছিলেন। সেবার জাতীয় লিগে খেলেন ওই একটি ম্যাচই। অবিশ্বাস্য হলেও সত্যি, তার আগে সবশেষ জাতীয় লিগে সাকিব খেলেন ২০০৮ সালের ডিসেম্বরে!

সব ঠিকঠাক থাকলে এবার জাতীয় লিগের প্রথম রাউন্ডের ম্যাচে শুক্রবার মাঠে নামবেন সাকিব। যে মাঠে সবশেষ ম্যাচ খেলেছিলেন, খুলনার সেই শেখ আবু নাসের স্টেডিয়ামেই খেলবেন আবার। এবারের প্রতিপক্ষ ঢাকা বিভাগ।

আন্তর্জাতিক ক্রিকেটে ৯ বছরের পথচলায় ক্রিকেট বিশ্বের অলিগলি দেখা হয়ে গেছে। জাতীয় লিগে এতদিন পর খেলাও তাই আর বাড়তি রোমাঞ্চ জাগায় না সাকিবের মনে।

তবে ভালো লাগছে তার ভেন্যুর কারণে। ঈদের আগে জাতীয় দলের শেষ অনুশীলন ছিল মঙ্গলবার। শের-ই-বাংলায় অনুশীলন শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাকিব জানান, জাতীয় লিগের ম্যাচটি খেলতে আগ্রহ পাচ্ছেন ভেন্যুর কারণেই।

“অনেক দিন পর খেলছি জাতীয় লিগ। সত্যি বললে, ঢাকায় বা ফতুল্লায় খেলা হলে হয়তো এতটা ভালো লাগত না। খুলনা আমার সবসময়ই ভালো লাগে। খুলনায় খেলতে দারুণ লাগে।”

অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকেই বাংলাদেশের ভবিষ্যৎ তারকা হিসেবে পরিচিতি পান সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ১৯ বছর বয়সেই। দলের গুরুত্বপূর্ণ অংশও হয়ে ওঠেন খুব দ্রুতই। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট তাই সব মিলিয়েই খুব একটা পায়নি সাকিবকে। 

২০০৫ সালের এপ্রিলে জাতীয় লিগে প্রথম খেলেন, কিন্তু এই সাড়ে ১০ বছরে জাতীয় লিগে সব মিলিয়ে ম্যাচ খেলেন মোটে ১৩টি! ২০০৫ সালে তিনটি, ২০০৬ সালে দুটি, ২০০৭ সালে ৬টি, ২০০৮ ও ২০১২ সালে একটি করে।

এবারও হয়তো খেলতে পারবেন এই একটি ম্যাচই। তবে অস্ট্রেলিয়া সিরিজের আগে ম্যাচটিকে বেশ গুরুত্বপূর্ণ ভাবছেন সাকিব।

“বেশ কিছুদিন বিরতি ছিল, ম্যাচটি তাই আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আর ম্যাচ খেললে উপকার হয়ই। এমনিতে কোনো লক্ষ্য নেই এই ম্যাচে। খেলতে পারলে অস্ট্রেলিয়ার সিরিজের জন্য একটু অনুশীলন হলো, এই তো।”

জাতীয় লিগে যেমন খেলেছেন খুবই কম ম্যাচ, সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটেও চিত্রটা একই। ৪২ টেস্টের বাইরে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন আর মাত্র ৩৫টি। জাতীয় লিগে ১৩ টি, বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ১০টি, বিসিবি একাদশের হয়ে ৩টি, আর ইংলিশ কাউন্টিতে উস্টারশায়ারের হয়ে খেলেছিলেন ৯টি ম্যাচ।

বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয় ব্যস্ততা প্রথম শ্রেণির ক্রিকেটে এত কম খেলতে পারার অন্যতম কারণ। অনেকেরই বিশ্বাস, অতিরিক্ত টি-টোয়েন্টি খেলা প্রভাব ফেলেছে তার পারফরম্যান্সেও। প্রথম শ্রেণির ম্যাচ আরেকটু বেশি খেললে সাকিবের ব্যাটিং আরও শানিত, বোলিং আরও ধারালো হতো বলে ধারণা অনেকেরই।

সাকিব অবশ্য প্রচলিত এই ধারণার সঙ্গে একমত নন, “আসলে এটা নির্ভর করে যার যার নিজের ওপর। একেক জনের ধরন একেক রকম। আমার ধরনটাই এইরকম যে, অনুশীলনটা আমাকে খুব বেশি প্রভাবিত করে না। এই যে জাতীয় লিগের ম্যাচটি খেলব, এটায় যদি রান না করি বা উইকেট নাও পাই, তবু অস্ট্রেলিয়া সিরিজে আমার আত্মবিশ্বাসে কোনো প্রভাব ফেলবে না। আগের ম্যাচে যেটাই হোক, সব ম্যাচই আমি একই মানসিকতা নিয়ে খেলতে নামি।”

সাকিব জানান, জাতীয় লিগের ম্যাচটি খেলতে তিনি বৃহস্পতিবার খুলনা যাবেন।