২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় জয়ে সিরিজে টিকে থাকল ইংল্যান্ড

তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৯৩ রানে হারিয়ে সিরিজ জিইয়ে রাখল ইংল্যান্ড। ৫ ম্যাচ সিরিজের প্রথম দুটি জিতেছিল অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 11:53 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার ইংল্যান্ডের জয়ের ভিত গড়ে দেন জেমস টেলর। দারুণ এক শতকে দলকে এনে দেন ৩০০ রানের পুঁজি। পরে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙে দেন দুই স্পিনার মইন আলি ও আদিল রশিদ। ইংলিশদের ক্যাচিংও এদিন ছিল চোখ ধাঁধানো।

৩০১ রান তাড়ায় প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি চোট-জর্জর অস্ট্রেলিয়া। চোটের কারণে এই ম্যাচের আগে ছিটকে পড়েন ওপেনার ডেভিড ওয়ার্নার, অলরাউন্ডার শেন ওয়াটসন ও পেসার নাথান কোল্টার-নাইল।

বড় কোনো জুটিই গড়তে পারেনি অস্ট্রেলিয়া। দু অঙ্ক ছুঁয়েছেন ছয় জন ব্যাটসম্যান, কিন্তু পঞ্চাশ ছুঁতে পেরেছেন কেবল এক জন! সেই একজন, চোট কাটিয়ে দলে ফেরা অ্যারন ফিঞ্চও আউট হয়েছেন অর্ধশত করার পরপরই (৫৩)।

স্টিভেন ফিনের অসাধারণ এক ক্যাচের শিকার হয়েছেন স্টিভেন স্মিথ (২৫)। মইনকে টানা দুটি রিভার্স সুইপে চার মেরে পরের বলে আবার রিভার্স খেলতে গিয়ে উইকেটকিপারকে ক্যাচ দেন গ্লেন ম্যাক্সওয়েল (১৭)।

শেষ দিকে ম্যাথু ওয়েডের ৪২ রানে কোনো রকমে দুশ ছাড়ায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ৬ ওভার বাকি থাকতেই গুটিয়ে যায় ২০৭ রানে।

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন অফ স্পিনার মইন, ৪১ রানে দুটি নেন লেগ স্পিনার রশিদ। ৩ উইকেট নিয়েছেন পেসার লিয়াম প্লাঙ্কেটও, স্টিভেন ফিন দুটি।

অস্ট্রেলিয়ার লক্ষ্যটা অবশ্য হতে পারত আরও অনেক বড়, যদি না ইনিংসের শেষদিকে খেই হারাতেন ইংলিশ ব্যাটসম্যানরা।

টেইলরকে শতক আর ইংল্যান্ডকে তিনশ রান এনে দেওয়ার ভিত্তিটা গড়ে দিয়েছিল উদ্বোধনী জুটি। যদিও জেসন রয় ও অ্যালেক্স হেলসের ব্যাটিং ছিল বিপরীতমুখী। রয়ের ব্যাটে ছিল ঝড় আর হেলস হাপিত্যেশ করেছেন টাইমিং খুঁজে পেতে।

৩১ বলে ৯ রান করে হেলস যখন আউট হলেন, দলের রান তখন ৫২, রয়ের রান ৩৮। অভিষিক্ত বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগারকে প্রথম উইকেট উপহার দিয়ে ফেরেন ৪৫ বলে ৬৩ করা রয়।

তৃতীয় উইকেটে টেইলরের সঙ্গে জুটিতে ইংলিশ ইনিংসকে নতুন গতি দেন মর্গ্যান। ১০৯ বলে ১১৯ রানের জুটি গড়েন দুজন।

৩৩ ওভার শেষে রান ছিল ২ উইকেটে ২০৫। সাড়ে তিনশর আশেপাশে কোনো স্কোর গড়া তখন মনে হচ্ছিল খুবই সম্ভব।

কিন্তু ৫৬ বলে ৬২ করে মর্গ্যান আউট হওয়ার পরই ছন্দ হারায় ইংলিশ ব্যাটিং। সতীর্থদের আসা যাওয়ার মাঝে এক পাশ আগলে রাখেন টেইলর।

২১ ওয়ানডের ছোট্ট ক্যারিয়ারে এর আগে দুবার নড়বড়ে নব্বইয়ে থমকে গিয়েছিলেন  টেইলর। গত  ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে কাটা পড়েছিলেন ৯০ রানে। গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ব্যাটসম্যান রান আউট হওয়ায় অপরাজিত থেকে যান ৯৮ রানে।

মঙ্গলবারও ৯৯ রানে দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হতে হতে বেঁচে যান। ওই রানেই ছুঁয়েছেন কাঙ্ক্ষিত শতক, ১১২ বলে। আউট হয়েছেন শেষ ওভারে, ১০১ রানে।

টেইলরের ইনিংসে চার ছিল মাত্র ৫টি, সিঙ্গেল ছিল ৪৭টি!

শেষ ১০ ওভারে ইংল্যান্ড তুলতে পারে মাত্র ৬৪ রান। শেষ ওভারে ক্রিস ওকসের ছক্কা আর শেষ বলের সিঙ্গেলে দলের রান স্পর্শ করে তিনশ।

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার সফলতম বোলার মিচেল স্টার্ক এদিন ছিলেন ভীষণ খরুচে, ১০ এভারে ৭৯ রান দিয়ে নেন ১ উইকেট। দুটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও গ্লেন ম্যাক্সওয়েল।

ওয়ানডে ইতিহাসে এই নিয়ে ২১ বার ঠিক ৩০০ রান তুলল কোনো দল। ইংল্যান্ড মাত্র দ্বিতীয়বার। আগের বারও ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, গত বছরের জানুয়ারিতে সেই ম্যাচে ১ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া।

এবার অবশ্য বড় ব্যবধানেই জিতল ইংল্যান্ড।