২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরের জন্য মুখিয়ে আছেন স্মিথ

বাংলাদেশ সফরের জন্য অধীর অপেক্ষায় আছেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়াকে টেস্টে নেতৃত্ব দিতে তর সইছে না তার!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 09:40 PM

Updated : 25 Apr 2022, 01:49 PM

শ্বেতশুভ্র পোশাকের ওপর ব্লেজার চাপিয়ে টস করার অভিজ্ঞতা এর মধ্যেই হয়েছে স্টিভেন স্মিথের। গত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে প্রথম টেস্টের পর মাইকেল ক্লার্ক চোট পেয়ে ছিটকে গেলে পরের তিন টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন স্মিথই। কিন্তু ভারপ্রাপ্ত দায়িত্ব আর নিয়মিত দায়িত্বের মধ্যে তফাত যে আকাশ-পাতাল!

সেই সময়ের ক্লার্কের ডেপুটি এখন নিয়মিত অধিনায়ক। সদ্য সমাপ্ত অ্যাশেজ শেষে ক্লার্ক অবসর নেওয়ায় দায়িত্ব বর্তেছে স্মিথের ওপরই। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে নিয়মিত অধিনায়কের দায়িত্ব শুরু করে দিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই। তবে টেস্টের রোমাঞ্চই আলাদা!

বাংলাদেশ সিরিজ দিয়েই শুরু হবে নিয়মিত টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা। সেই রোমাঞ্চ এখনই ছুঁয়ে যাচ্ছে স্মিথকে। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জয়ের পর শোনালেন ভেতরের সেই উত্তেজনার কথা।

“সত্যি বলতে এটির (বাংলাদেশ সফর) জন্য আমি দারুণ ভাবে মুখিয়ে আছি। টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে আর তর সইছে না আমার। আশা করি, নির্ভর করার জন্য কজন সিনিয়র ক্রিকেটার পাশে পাব আমি।”

সিনিয়র ক্রিকেটারদের কথা স্মিথ বলছিলেন ডেভিড ওয়ার্নারের চোটের প্রসঙ্গে। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়ে বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে পড়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক স্মিথের নতুন ডেপুটি ওয়ার্নারই।

মাইকেল ক্লার্ক, ক্রিস রজার্স অবসর নিয়েছেন অ্যাশেজ শেষেই। রোববার অবসরের ঘোষনা দিয়েছেন শেন ওয়াটসন। বাংলাদেশ সফরে বিশ্রাম পেতে পারেন মিচেল জনসন। ওয়ার্নারও চোটের কারণে আসতে না পারলে নতুন অভিযাত্রার শুরুতে সিনিয়র ক্রিকেটারদের খুব একটা পাশে পাচ্ছেন না স্মিথ।

আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখার কথা অস্ট্রেলিয়ার। বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা ২ টেস্টের সিরিজ। প্রথমটি চট্টগ্রামে ৯ অক্টোবর থেকে।