‘জীবনের জন্য ব্যাট করতে হলে বেছে নেব সাঙ্গাকারাকে’
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কুমার সাঙ্গাকারার বিদায়ী আন্তর্জাতিক ম্যাচ। বিদায় বেলায় স্তুতিতে ভাসছে লঙ্কান কিংবদন্তি; ক্রিকেট বিশ্বের নানা প্রান্ত থেকে আসছে প্রশংসাবাণী। এই গ্রেটের বিদায়ে টেন্ডুলকার-চ্যাপেল-জয়াবর্ধনের মতো গ্রেটদের স্তুতি এক সুতোয় গেঁথেছে ইএসপিএনক্রিকইনফো।
মাহেলা জয়াবর্ধনে
একদম সোজা-সাপ্টাই বলছি, শ্রীলঙ্কার সর্বকালের সেরা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। আমিসহ বেশির ভাগ শ্রীলঙ্কানের কাছে হয়ত আবেগময় প্রিয় নাম হয়ে থাকবে অরবিন্দ ডি সিলভা, কিন্তু পরিসংখ্যানই বলছে কুমারের অর্জন কতটা অতিমানবীয়! চোখ ধাঁধানো এই সংখ্যার দিকে তাকান, ৬০টির বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি! মাঠের পারফরম্যান্স আর মাঠের বাইরের আচরণ, সব আন্তর্জাতিক খেলা মিলিয়েই সব দিকে গ্রেটনেস অর্জন করেছে খুব কম জন। কুমার তেমনই একজন।
শচীন টেন্ডুলকার
ব্যাটিংয়ের একটা নিজস্ব ধরন ছিল ওর। বাঁহাতিদের ব্যাটিং দেখতে এমনিতেই সবসময় ভালো লাগে, ওর ব্যাটিংও ছিল তা-ই। প্রতিপক্ষ হিসেবে ছন্দে থাকা সাঙ্গাকারার ব্যাটিং দেখতে অবশ্যই আমার ভালো লাগত না! শুধু শ্রীলঙ্কানদের জন্যই নয়, বিশ্ব জুড়েই অনেক ক্রিকেটারের আদর্শ সে। ওকে আমার সবসময়ই বিপজ্জনক মনে হয়েছে একটা বিশেষ সামর্থ্যের কারণে। উইকেটে অনেক সময়ই ওকে দেখে অস্বস্তিতে আছে বলে মনে হয়েছে, কিন্তু তার পরও রান করার দারুণ প্রবণতা ছিল ওর।
ইয়ান চ্যাপেল
কুমার সাঙ্গাকারাকে আমি শ্রদ্ধা করি, ব্যাটসম্যান হিসেবে যেমন, ব্যক্তি হিসেবেও। লর্ডসে কাউড্রে লেকচারে যে বক্তৃতা সে দিয়েছিল (২০১১ সালে, এমসিসি স্পিরিট অব ক্রিকেট কাউড্রে লেকচার), সেটা শুধু বুদ্ধিদীপ্তই ছিল না, ছিল দারুণ সাহসীও। আমি যদিও অবাক হইনি, কারণ ক্রিকেটটা সে এভাবে খেলেছে। খেলাটা নিয়ে গভীরভাবে ভাবে। সে এমন একজন, আমি যাকে খেলাটায় সম্পৃক্ত হতে দেখতে চাইব কারণ তার মতো ক্রিকেট মস্তিষ্ক খুব প্রয়োজন। ব্যাটসম্যান হিসেবে সে ছিল দুর্দান্ত। তার ব্যাটিং দেখতে আমি ভালোবাসতাম। আড়াআড়ি ব্যাটে তার শট দেখতে, স্পিনে তার ব্যাটিং দেখতে ভালোবাসতাম। আশা করি, অবসরেই ক্রিকেটে তার অবদানের শেষ নয়।
মুত্তিয়া মুরালিধরন
শ্রীলঙ্কার জন্য কুমার ছিল অসাধারণ এক ক্রিকেটার। দেশকে অনেক অনেক ম্যাচ জিতিয়েছে সে। দুঃখজনক যে সে অবসরে যাচ্ছে, তবে এই দিনটি সব খেলোয়াড়ের জীবনেই আসে। আমার মতে, সঠিক সময়ই বেছে নিয়েছে সে। আমার দৃষ্টিতে ওর সেরা ইনিংস, লাহোরে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২৩০। (সাঙ্গাকারার প্রথম দ্বিশতক, ২০০২ সালে)।
ট্রেভর বেলিস
(সাবেক শ্রীলঙ্কা কোচ, এখন ইংল্যান্ডের অ্যাশেজ জয়ী কোচ)
শ্রীলঙ্কায় ওর সঙ্গে চারটি বছর কাটাতে পারা ছিল দারুণ আনন্দের। অসাধারণ এক মানুষ সে। তাকে বন্ধু বলতে পারা, তার সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারাই দারুণ আনন্দের। খেলাটার সবসময়ের সেরা ব্যাটসম্যানদের একজন সে। এতটা গ্রেট একজন ক্রিকেটারের সঙ্গে একই ড্রেসিং রুমে থাকতে পারাটাই আমার জন্য ছিল রোমাঞ্চকর।
পল ফারব্রেস
(শ্রীলঙ্কার সাবেক কোচ, এখন ইংল্যান্ডের সহকারী কোচ)
বিশ্ব ক্রিকেটে এমন একজন ব্যাটসম্যানকে যদি বেছে নিতে হয় যে ব্যাট করবে আমার জীবনের জন্য, প্রতিটি বারই আমি বেছে নেব কুমারকে।”
সিধাত ওয়েতিমুনি
(সাবেক ক্রিকেটার ও শ্রীলঙ্কান বোর্ডের অন্তর্বতীকালীন প্রধান)
সর্বকালের অন্যতম সেরা সে। খেলাটার অসাধারণ এক দূতও সে, এটাই কুমারকে বিশেষ করে তুলেছে। মাঠে বিস্ময়ের জন্ম তো অনেক ক্রিকেটারই দিয়েছে, কিন্তু মাঠের বাইরে তারা সেটা করতে পারে না। সে দুটোই দারুণভাবে করেছে।
