২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের পাকিস্তান সফর সরকারের হাতে

পাকিস্তানে বিসিবির নিরাপত্তা পরিদর্শক দল পাঠানোর ব্যাপারটি আপাতত থমকে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সরকারের সবুজ সঙ্কেত পেলেই কেবল এগোবে বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 09:07 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলকে পাকিস্তান সফরে নিতে দারুণভাবে আগ্রহী দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত ৫ অগাস্ট বিসিবির প্রধান নির্বাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি থতিয়ে দেখতে শিগগিরই একটি পরিদর্শক দল পাঠাবে বিসিবি। তবে সেটি পাঠানোর তারিখ চূড়ান্ত হয়নি এখনও।

মঙ্গলবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে উঠল মেয়েদের পাকিস্তান সফরের প্রসঙ্গও। পরিদর্শক দল পাঠানোর অগ্রগতি নিয়ে বললেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

“আমরা অনেক আগেই স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে একটা নিরাপত্তা পরিদর্শক দল পাঠানোর কথা জানিয়েছি। আমরা চাচ্ছিলাম তাদের একজন প্রতিনিধি যেন থাকে। বিসিবির একজন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন আর কোনো সরকারি সিকিউরিটি এজেন্সির একজন।”

বিসিবি নিরাপত্তা দল পাঠানোর কথা বলার পর সম্ভাব্য পাকিস্তান সফর নিয়ে নিজেদেরে ভয় ও শঙ্কার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন মেয়েদের দলের ক্রিকেটাররা। বিসিবি প্রধান নির্বাহী যেদিন নিরাপত্তা দল পাঠানোর ঘোষণা দেন, সেদিনই করাচিতে সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আকরামের গাড়িতে গুলি করা হয়। বিসিবি পরে জানিয়েছিল, করাচি নয়, সফর হলে লাহোরে খেলতে ইচ্ছুক তারা। কিন্তু লাহোর যে প্রদেশে, সেই পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত হয়েছে গত রোববার।

এই সব ঘটনায় প্রেক্ষাপট কিছুটা হলেও বদলে গেছে, মানছেন জালাল ইউনুস।

“আসলে দল পাঠানোর কথা তো অনেক আগেই। তখন আকরাম বা পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘটনা ঘটেনি। কিছুদিন আগে পর্যন্ত ভয়ের কারণ ছিল না। আমাদের মেয়েদের হ্যান্ডবল, ফুটবল টিম খেলে আসছে। তারা বলেছে ভেন্যুর নিরাপত্তা ভালো ছিল। এখন সাম্প্রতিক ঘটনার পর ব্যাপারটি একটু শঙ্কারই। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীই নিহত হলে আশঙ্কার একটা জায়গা থাকেই। এসব অবশ্যই বিবেচনা করব আমরা।”

উদ্ভূত পরিস্থিতিতে সফরের বিষয়টি একরকম সরকারের হাতেই ছেড়ে দিয়েছে বিসিবি, জানালেন মিডিয়া কমিটির চেয়ারম্যান।

“স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি মনে করে পরিদর্শক দল পাঠানো ঠিক হবে না, অবশ্যই আমরা পাঠাবো না। সরকারকে সম্পৃক্ত করতে চাইছি আমরা। সরকার যদি মনে করে পরিদর্শক দল পাঠানো যায়, তাহলে হবে। এখনও সিদ্ধান্ত আসেনি। সরকারের ওপরই ছেড়ে দিয়েছি।”

জালাল ইউনুসের ধারণা, আগামী ৮-১০ দিনের মধ্যেই চূড়ান্ত হবে পরিদর্শক দল পাঠানো হবে কি না।