ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন চান্দিমাল
ক্যারিয়ার সেরা ইনিংসটি খেলার পথে গল টেস্টের তৃতীয় দিনে দারুণ এক রেকর্ড গড়েছেন দিনেশ চান্দিমাল। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে কম টেস্টে এক হাজার রান করেছেন শ্রীলঙ্কার তরুণ এই ক্রিকেটার।
প্রসন্ন জয়াবর্ধনেকে বাদ দিয়ে টেস্টে কিপিং গ্লাভস তুলে দেওয়া হয়েছিল দিনেশ চান্দিমালকে। উইকেটকিপার হিসেবে জয়াবর্ধনে ছিলেন বিশ্বের সেরাদের একজন। কিন্তু কিপারের কাছ থেকে ব্যাট হাতে আরও বেশি কিছু চাইছিল শ্রীলঙ্কা। সেই চাওয়া থেকেই চান্দিমালকে বেছে নেওয়া। তরুণ কিপার ব্যাটসম্যানও সেই চাওয়া পূরণ করে যাচ্ছেন দারুণভাবে। সেই পথচলাতে এবার গড়লেন বিশ্বরেকর্ড!
গল টেস্টের তৃতীয় ইনিংসে অপরাজিত ১৬২ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন চান্দিমাল। যে ইনিংস শ্রীলঙ্কাকে ইনিংস পরাজয়ের চোখ রাঙানি থেকে উদ্ধার করে এনে দিয়েছে লড়ার মতো লিড। এই ইনিংসের পথেই কিপার-ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন টেস্টে হাজার রান। মাত্র ১৩ টেস্টে ছুঁলেন এই মাইলফলক। টেস্ট ইতিহাসে এত দ্রুত হাজার রান স্পর্শ করতে পারেননি আর কোনো উইকেটকিপার ব্যাটসম্যান। আগের রেকর্ড ছিল ১৪ টেস্টে হাজার রান ছোঁয়া ডি ভিলিয়ার্সের।
চান্দিমাল ক্যারিয়ারের ১৯ টেস্টের ১৩টিতেই কিপিং করলেন। চার টেস্ট সেঞ্চুরির প্রতিটিই কিপারব্যাটসম্যান হিসেবে। এবারের আগে তিনটি সেঞ্চুরিই ছিল অবশ্য বাংলাদেশের বিপক্ষে! কিপার হিসেবে খেলা ১৩ টেস্টে তার রান ১ হাজার ৫২, গড় ৫৮.৪৪। শুধু ব্যাটসমান হিসেবে খেলা ৬ টেস্টেট গড় ৩০.৫৪।
বিশ্বরেকর্ড গড়ার দিনে দেশের একটি রেকর্ডও গড়েছেন চান্দিমাল। গলের তৃতীয় দিনে তিনি শতক ছুঁয়েছেন ১০০ বলে, টেস্টে যা ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার দ্রুততম শতক। আগের দ্রুততম ছিল এই গলেই, ২০০১ সালে সনাৎ জয়াসুরিয়ার, ১০৫ বলে।
