২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোট কাটিয়ে ইংল্যান্ড দলে অ্যান্ডারসন

চোট পুরোপুরি না সারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের জন্য জেমস অ্যান্ডারসনকে দলে রেখেছেন ইংল্যান্ডের নির্বাচকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 07:23 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

ওভালে ২০ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া ম্যাচটির জন্য রোববার ১৪ সদস্যের দল ঘোষণা করে ইংল্যান্ড।
 
এজবাস্টনে তৃতীয় টেস্ট খেলার সময় পিঠের পাশের পেশিতে চোট পান অ্যান্ডারসন। ট্রেন্ট ব্রিজে চতুর্থ টেস্টে খেলতে পারেননি ৪৭ রানে ৬ উইকেট নিয়ে এজবাস্টনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুঁড়িয়ে দেওয়া এই ফাস্ট বোলার।
 
অ্যান্ডারসনকে জায়গা ছেড়ে দিতে ওভাল টেস্টের দল থেকে বাদ পড়েন ডার্বিশায়ারের বাঁহাতি পেসার মার্ক ফুটিট। 
 
অ্যান্ডারসনকে নিয়ে অবশ্য ঝুঁকি নেবে না ইংল্যান্ড। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড জানায়, পুরোপুরি সেরে না উঠলে ওভাল টেস্টে তাকে খেলানো হবে না।
 
নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে শনিবার সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিনই ইনিংস ব্যবধানে জিতে পাঁচ টেস্টের সিরিজ নিশ্চিত করে ইংল্যান্ড।

পঞ্চম টেস্টের জন্য ১৪ সদস্যের ইংল্যান্ড দল: অ্যালেস্টার কুক (অধিনায়ক), মইন আলি, জোনাথন বেয়ারস্টো, ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার (উইকেটরক্ষক), জেমস অ্যান্ডারসন, স্টিভেন ফিন, অ্যাডাম লাইথ, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস ও মার্ক উড।