২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় ওয়ানডে জিতে সিরিজ নিউ জিল্যান্ডের

তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৩৮ রানে হারিয়েছে নিউ জিল্যান্ড। এ জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে কেন উইলিয়ামসনের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 04:45 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুক্রবার সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক উইলিয়ামসের দারুণ ব্যাটিংয়ে ২৭৩ রান তুলেছিল নিউ জিল্যান্ড।

জিম্বাবুয়ের শুরুটা ছিল দারুণ; উদ্বোধনী জুটিতেই ৯৭ রান তুলে নেয় তারা। মিচেল ম্যাকক্লেনাগানের বলে চামু চিবাবা (৩২) বোল্ড হলে ভাঙে এই জুটি। এরপর দ্রুতই হ্যামিল্টন মাসাকাদজা (৫৭ রান) ও এল্টন চিগুম্বুরার (৩) বিদায়ে বিপদে পড়ে যায় স্বাগতিকরা।

শন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতে নামা ক্রেইগ আরভিন (৩২ রান) রান আউট হলে আবার পথ হারায় জিম্বাবুয়ে।

উইলিয়ামস ৬২ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৬৩ রান করেন। জেমস নিশামের বলে এই বাঁহাতি ব্যাটসম্যান গাপটিলকে ক্যাচ দিয়ে ফিরলে স্বাগতিকদের জয়ের আশা প্রায় শেষ হয়ে যায়। শেষ দিকের ব্যাটসম্যানেরা রান তাড়া করতে ব্যর্থ হলে ৪৭.৪ ওভারে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

নিউ জিল্যান্ডে ম্যাকক্লেনাগান তিনটি ও ইস সোধি দুটি করে উইকেট নেন।

এর আগে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে কেন উইলিয়ামসনের দারুণ ব্যাটিংয়ে ৬ উইকেটে ২৭৩ রান তোলে নিউ জিল্যান্ড। আটটি চার ও একটি ছক্কায় ৯০ রানের মূল্যবান ইনিংস খেলেন উইলিয়ামসন।

মার্টিন গাপটিল ও টম ল্যাথাম উদ্বোধনী জুটিতে ৪০ রান তোলেন। ল্যাথামের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর গাপটিল, কলিন মুনরো, গ্র্যান্ট এলিয়ট ও নিশামের সঙ্গে চারটি জুটি গড়ে দলকে এগিয়ে নেন উইলিয়ামসন।

এই চার জুটির মধ্যে এলিয়টের সাথে চতুর্থ উইকেটে সর্বোচ্চ ৭০ রান তোলেন উইলিয়ামসন। শতকের পথে ছোটা নিউ জিল্যান্ডের এই ডানহাতি ব্যাটসম্যানকে ক্রেইগ আরভিনের ক্যাচে পরিণত করেন জন নাইউম্বু।

শেষ দিকে নিশাম ও নাথান ম্যাককালাম ঝড়ো ব্যাটিং করলে লড়াই করার মতো স্কোর পেয়ে যায় নিউ জিল্যান্ড। নিশাম ৩১ বলে ৩৭ ও ম্যাককালাম ১৬ বলে ২৫ রান করেন।

জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমার তিনটি ও নাইউম্বু দুটি করে উইকেট নেন।