ব্যাকফুট পাঞ্চে মাহমুদউল্লাহর হাসি
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে বেশ কিছু ব্যাকফুট পাঞ্চ খেলেছেন মাহমুদউল্লাহ। মন্থর উইকেটেও প্রিয় শট ভালোভাবে খেলতে পারায় তৃপ্ত এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
ক্যারিয়ারের শুরু থেকেই ব্যাকফুট পাঞ্চ ভালো খেলেন মাহমুদউল্লাহ। তবে গত কিছুদিনে এই শটে যেন ফুটিয়ে তুলেছেন নিজের আলাদা বিশেষত্ব। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের উইকেট মাথায় রেখে গ্রানাইটের স্লাবে ব্যাটিং অনুশীলন করেছিল বাংলাদেশ। বিশ্বকাপে দুটি শতক করার পর মাহমুদউল্লাহ বলেছিলেন, গ্রানাইটের স্লাবে ব্যাটিং করা তার ব্যাকফুট পাঞ্চকে আরও শাণিত করেছে।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে উইকেট ছিল মন্থর। বল ব্যাটে ধীরে এলে ব্যাকফুট পাঞ্চ খেলা কঠিন এবং ঝুঁকিপূর্ণ। তার পরও ৬৭ রানের ইনিংসটির পথে দারুণ কিছু ব্যাক ফুট পাঞ্চ খেলেছেন মাহমুদউল্লাহ। দিনশেষে মাহমুদউল্লাহ জানালেন ওই শট নিয়ে ভাবনার কথা।
“গ্রানাইটে অনুশীলন আমাকে অনেক সাহায্য করেছে। তবে গ্রানাইটে খেলা আর এই উইকেটে খেলা ভিন্ন রকম। তবে আমি যখন খেলেছি, ওই সময়টায় বল অতোটা সুইং হচ্ছিল না। ওদের পেসাররা গতিময়, বল ব্যাটেও আসছিল। তাই ভেবেছিলাম নিজের জোনে পেলে সেটার যথাযথ ব্যবহার করব।”
