২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিক-সাকিব পানে তাকিয়ে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ভালো স্কোর গড়ার দিকে এগোচ্ছে বাংলাদেশ। কিন্তু এখনও একটি ভালো স্পেল বিপদে ফেলে দিতে পারে স্বাগতিকদের। তা এড়াতে দলের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের দিকে তাকিয়ে আছে সতীর্থরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 07:23 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার ২৪৮ রানের জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭৯ রান। স্বাগতিকরা এখনও ৬৯ রানে পিছিয়ে আছে।

বুধবারের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা মাহমুদউল্লাহ জানান, এখনও উইকেটে মুশফিক-সাকিব থাকায় বড় লিড নেওয়ার ব্যাপারে আশাবাদী তারা।

“এখনও আমরা খুব আশাবাদী, এখনও সাকিব-মুশফিক আছে। আমাদের আরও বড় একটি জুটি প্রয়োজন।”

মুশফিক ১৬ ও সাকিব ১ রানে অপরাজিত রয়েছেন।  টেস্টে শতরানের দুটি জুটি আছে এই দুই জনের মধ্যে। পঞ্চম উইকেটে তাদের জুটি যতটা সম্ভব বড় হোক তা-ই চায় স্বাগতিকরা।

গত সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট শতক পেয়েছিলেন মুশফিক। এরপর থেকে খেলা ১৬ ইনিংসে মাত্র একবার অর্ধশতকে পৌঁছান তিনি, তিনবার ফেরেন শূন্য রানে। 

টানা দ্বিতীয় টেস্টে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলছেন মুশফিক। বুধবার যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণই আত্মবিশ্বাসী ব্যাটিং করেছেন তিনি। এখন পর্যন্ত চট্টগ্রাম টেস্টের একমাত্র ছক্কাটি এসেছে বাংলাদেশের অধিনায়কের ব্যাট থেকে।

হঠাৎ করেই রানের জন্য লড়াই করতে হলেও মুশফিক এখনও বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সুবর্ণ সুযোগ তার সামনে।

তিন ধরনের ক্রিকেটেই আইসিসি অলরাউন্ডার র‍্যাংঙ্কিংয়ের শীর্ষে থাকা সাকিব দারুণ ছন্দেই আছেন। ভারতের বিপক্ষে একমাত্র ইনিংসে ভালো করতে না পারলেও পাকিস্তানের বিপক্ষে আগের সিরিজেই অপরাজিত দুটি চমৎকার অর্ধশতক আছে তার।

সাকিব-মুশফিক ওয়ানডেতে অনেকবারই জুটি বেধে দলকে বাঁচিয়েছেন। চট্টগ্রাম টেস্টে দল অতটা চাপে নেই। কিন্তু তাদের আরেকটি ভালো জুটি দলকে পুরোপুরি চালকের আসনে বসাতে পারে। দলের অন্যতম সেরা দুই ব্যাটসম্যানের কাছে তেমন দায়িত্বশীল ব্যাটিংই স্বাগতিকদের প্রত্যাশা।

পুরনো খবর:

লিটনকে ইতিবাচক ব্যাটিংয়ের পরামর্শ