দুঃসময়কে মনে করে মুমিনুল বললেন, ‘ভয়ঙ্কর’
কোনো ক্রিকেটারের খারাপ সময়ের মানসিক অবস্থা ওই ক্রিকেটার ছাড়া আর কারও পক্ষে বোঝা সম্ভব নয়, বলেছেন মুমিনুল হক।
প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত দূর করেন ২৫ ইনিংসের সেঞ্চুরি খরা। দ্বিতীয় বারে ২৬ ইনিংসের খরা কাটান মুমিনুল হক। দুজন প্রায় কাছাকাছি সময় থেকেই টেস্ট ক্রিকেটে আরেকটি শতক না পাওয়ার আক্ষেপ নিয়ে ছুটছিলেন। একই ম্যাচে তা কাটিয়ে শান্তর হয়েই যেন মুমিনুল বললেন, কতটা ভয়ঙ্কর হতে পারে কোনো ক্রিকেটারের দুঃসময়।
আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৬ রানের পর দ্বিতীয় দফায় তিনি থেমেছেন ১২৪ রানে। প্রথম ইনিংসে তেমন কিছু করতে না পারলেও দ্বিতীয় বারে মুমিনুল খেলেছেন ১২১ রানের অপরাজিত ইনিংস। তাদের সেঞ্চুরির সৌজন্যেই বড় জয়ের ছবি আঁকছে বাংলাদেশ।
প্রথম ইনিংসের সেঞ্চুরিতে শেষ হয় শান্তর ২৫ ইনিংসের অপেক্ষা। ২০২১ সালের জুনে জিম্বাবুয়ের বিপক্ষে ১১৭ রানের পর ২৫ ইনিংসে স্রেফ দুইবার পঞ্চাশ পেরুতে পারেন বাঁহাতি টপ-অর্ডার ব্যাটসম্যান। একই বছরের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে ১২৭ রানের পর ২৬ ইনিংসে মুমিনুলের ব্যাট থেকে আসে তিনটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস।
মাঝে দুই ম্যাচের জন্য একাদশ থেকে বাদ পড়েন মুমিনুল। তবে প্রতিভায় আস্থা রেখে শান্তকে ধরে রাখে টিম ম্যানেজমেন্ট। তার ওপর ভরসা রাখার শুরুটা হয় মূলত মুমিনুলের অধিনায়কত্বের সময় থেকেই। তাকে ব্যাটিং অর্ডারে তিন নম্বরে জায়গা ছেড়ে দিয়ে মুমিনুল নেমে যান চারে।
আস্থার প্রতিদানই যেন শান্ত দিলেন মিরপুর টেস্টে জোড়া সেঞ্চুরিতে। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে শান্তর লড়াই-সংগ্রামের দিনগুলোর ব্যাপারে করা প্রশ্নে নিজের খারাপ সময়ের উদাহরণ টেনে উত্তর দেন মুমিনুল।
“আমি নিজে এটার (ব্যাটিংয়ে দুঃসময়) মুখোমুখি হয়েছি। এটা ভয়ঙ্কর। যার ভেতর দিয়ে যায়, সে-ই শুধু বোঝে। আমার সময় মনে হয়েছে, পুরো পৃথিবী একদিকে আর আমি আরেকদিকে পুরো শেষ। যার হয় সে ছাড়া কেউ বোঝে না, এর মধ্যে ঢুকতেও পারবেন না।”
“এমন সময়ে শুধু একটা কাজই করা যায়। নিজের প্রক্রিয়াটা ঠিক রাখা। বাকিটা আল্লাহ যখন দেওয়ার, তখন রান দেবেন। এর বাইরে যত কিছুই হোক, লাভ হবে না।”
শুধু টেস্ট নয়; সাদা বলের ক্রিকেটেও গত ৮ মাসের বেশি সময় ধরে দারুণ ছন্দে আছেন শান্ত। তবে এর আগের সময়টা যে মোটেও সহজ ছিল না, তা ভালোই জানা মুমিনুলের। তার মতে, প্রক্রিয়া ঠিক রাখার ফলই এখন পাচ্ছেন শান্ত।
“আমার মনে হয়, শান্ত নিজের প্রক্রিয়া ঠিক রেখেছে। ও যে ধরনের ক্রিকেটার, ওর যেখানে উন্নতি করার দরকার, কাজ করেছে। আর মানসিকভাবে কী চিন্তা করেছে জানি না। আমার কাছে মনে হয়, ও অনেক আত্মবিশ্বাসী ছিল। ধৈর্য্য ধরেছে।”
এসময় ক্যারিয়ার আরও সমৃদ্ধ করার জন্য সতীর্থকে গুরুত্বপূর্ণ পরামর্শও দেন অভিজ্ঞ ব্যাটসম্যান।
“আমার মনে হয়, একজন ক্রিকেটার তখনই বড় খেলোয়াড় হয়, যখন তার ভালো ছন্দের ধারাটা লম্বা হতে থাকে। ওর (শান্ত) এখন ধারাবাহিক পারফর্ম করা গুরুত্বপূর্ণ। এদিকে মনোযোগ দেওয়াটাই জরুরি। ও যে প্রক্রিয়ায় ছিল, আর কিছু চিন্তা করে সেটি ধরে রাখুক।”
