বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের শ্রীলঙ্কা সফরের সঙ্গী প্রাইম ব্যাংক
এই সফরে তিনটি একদিনের ম্যাচ ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশের উঠতি ক্রিকেটাররা।
দেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব স্কুল ক্রিকেটে অনেক বছর ধরেই বিসিবিকে সহায়তা করে আসছে প্রাইম ব্যাংক। এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের শ্রীলঙ্কা সফরেও স্পন্সর হিসেবে থাকছে বেসরকারী এই ব্যাংকটি।
প্রায় তিন সপ্তাহের এই সফরের জন্য বৃহস্পতিবার ঢাকা ছাড়বে বাংলাদেশের উঠতি ক্রিকেটাররা। এই সফরে তিনটি একদিনের ম্যাচ ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে তারা।
সফরের আগে বিসিবিতে জার্সি উন্মোচনের অনুষ্ঠান ছিল বুধবার। ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থাকায় গর্বের কথা বলেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী।
“আমি গর্ব করে বলতে পারি, ক্রিকেট প্রাই ব্যাংকের গর্বের জায়গা। এই কারণে আমরা বিসিবির বয়সভিত্তিক ও গেম ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোতে সম্পৃক্ত থাকি, যা দেশকে দীর্ঘমেয়াদে পেশাদার ক্রিকেটার গড়ে তুলতে সহায়তা করবে। এই চেষ্টার মাধ্যমে যদি একজন দক্ষ ক্রিকেটারও মাঠ পর্যায় থেকে উঠে গিয়ে জাতীয় দলে খেলতে পারে, সেটিই হবে দেশ ও জাতির জন্য আমাদের সবচেয়ে বড় উপহার।”
স্কুল ক্রিকেটে ভূমিকা, বৃত্তি প্রদানসহ নানা অবদানের জন্য প্রাইম ব্যাংককে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও তাদেরকে পাশে পাওয়ার আশা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদীনভ
আগামী রোববার শুরু লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের কিশোরদের একদিনের ম্যাচের সিরিজ। বাকি দুই ম্যাচ মঙ্গলবার ও ২৮ নভেম্বর। প্রথম তিন দিনের ম্যাচ ১ ডিসেম্বর থেকে, পরেরটি শুরু ৬ ডিসেম্বর।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল: ফেরদৌস কবির, আব্দুল্লাহ আল মুহি, হৃদয় হোসেন, ফারহান সাদিক, আদৃত ঘোষ, আহসানুল হক মাহিম, রকিবুল হোসেন, রকিব খান, মাহিউজ্জামান মাহবির, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন, আব্দুর রহিম, মাহির ইসমাম চৌধুরি, ইমরান হোসেন, আল রাফি, সৌরভ কর্মকার।
অপেক্ষমান: আহসানুল মুহিম, মোবাস্বির ইসলাম মুনিম, ফাইয়াজ রহমান, কাউসার আহমেদ।
