অ্যান্ডারসনের বিদায়ী ম্যাচে দুজনের অভিষেক
ম্যাচ শুরুর দুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টের একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড।
‘একজনের ১৮৮তম টেস্ট, দুজনের প্রথম’- সামাজিক মাধ্যমে এই বার্তা দিয়ে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। ১৮৮তম ম্যাচ খেলার অপেক্ষায় থাকা ক্রিকেটারের নাম জেমস অ্যান্ডারসন। আর প্রথমবার সাদা পোশাকে নামবেন জেমি স্মিথ ও গাস অ্যাটকিনসন।
লর্ডসে আগামী বুধবার শুরু হতে যাওয়া টেস্টটি অ্যান্ডারসনের ক্যারিয়ারের শেষ ম্যাচ। ওই টেস্ট দিয়ে প্রায় ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন ৪১ বছর বয়সী পেসার। তার বিদায়ের ম্যাচেই শুরু হবে স্মিথ ও অ্যাটকিনসনের যাত্রা।
ইংল্যান্ডের হয়ে রঙিন পোশাকে এরই মধ্যে ১২ ম্যাচ খেলে ফেলা অ্যাটকিনসন চলতি বছরের শুরুতে ভারত সফরের দলেও ছিলেন। তবে কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি সারের ২৬ বছর বয়সী পেসার।
এবারের স্কোয়াডে আর কোনো উইকেটরক্ষক না থাকায় অ্যাটকিনসনের কাউন্টি সতীর্থ স্মিথের টেস্ট অভিষেক অবশ্য নিশ্চিতই ছিল। ঘরোয়া ক্রিকেটে তিন সংস্করণেই দারুণ ছন্দে ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান। সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে চলতি মৌসুমে ৫৬.৪১ গড়ে তার সংগ্রহ ৬৭৭ রান।
গত বছরের অ্যাশেজের পর আবার একাদশে ফিরছেন ক্রিস ওকস। বছরের শুরুতে ভারত সফরে টেস্ট অভিষেকের পর এবারই প্রথম ঘরের মাঠে খেলতে নামছেন তরুণ অফস্পিনার শোয়েব বাশির।
ব্যাটিং অর্ডারের প্রথম চারটি জায়গায় কোনো পরিবর্তন নেই। দাদীর মৃত্যুর কারণে ভারত সফরে না যাওয়া হ্যারি ব্রুক ফিরছেন পাঁচ নম্বরে। অভিষিক্ত স্মিথকে দেখা যাবে সাতে। এই দুজনের মাঝে নামবেন অধিনায়ক বেন স্টোকস।
স্পিন বিভাগে জ্যাক লিচের চেয়ে ভারত সফরে ১৭ উইকেট নেওয়া বাশিরের ওপরই ভরসা রাখছে ইংল্যান্ড। আর পেস বিভাগে ওকস ও অ্যাটকিনসনের সঙ্গে থাকছেন অ্যান্ডারসন।
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির, জেমস অ্যান্ডারসন।
