লাইভ: ভেসে গেল পাকিস্তান-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিন
দ্বিতীয় টেস্টের প্রথম দিনের চ্যালেঞ্জে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনের চ্যালেঞ্জে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।
বৃষ্টির পেটে প্রথম দিন
রাওয়ালপিন্ডিতে দুদিন ধরে চলমান বৃষ্টিতে প্রথম দিনে কোনো খেলা সম্ভব হলো না। বাংলাদেশ সময় দুপুর ১টার পর প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে ম্যাচের বাকি দিনগুলোতে ত্রিশ মিনিট করে অতিরিক্ত খেলা হতে পারে।
প্রথম দিন টস না হওয়ায় ম্যাচটি এখন চার দিনে রূপ নিয়েছে।
ভেসে গেল প্রথম সেশন
টানা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডে প্রথম সেশনে কোনো খেলা সম্ভব নয়। ব্রডকাস্টে জানানো হয়েছে, বাংলাদেশ সময় দুপুর ১টায় পরবর্তী আপডেট জানানো হবে। আপাতত বৃষ্টির মাত্রা কিছুটা কমেছে। উইকেট ও এর আশপাশের কভার এখনও বহাল তবিয়তে রয়েছে। সীমানার কাছে বিভিন্ন জায়গায় জমে থাকা পানি দেখা যাচ্ছে।
বৃষ্টিতে টসে বিলম্ব
রাওয়ালপিন্ডিতে টানা বৃষ্টিতে পিছিয়ে গেছে দ্বিতীয় টেস্টের টস। বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে হওয়ার কথা ছিল টস। কিন্তু সকাল থেকেই চলছে বৃষ্টি। গত দুই দিনও টানা বৃষ্টি পড়েছে মাঠে।
তাই টস কখন হতে পারে সে বিষয়ে নেই কোনো ইতিবাচক আভাস। আবহাওয়ার পূর্বাভাসে সারা দিনই বৃষ্টির কথা বলা হয়েছে। তাই প্রকৃতির অবস্থা ভালো হওয়া পর্যন্ত অপেক্ষায়ই থাকতে হচ্ছে।
মাঠের উইকেট ও এর আশপাশ কভারে ঢেকে রাখা হয়েছে। অরক্ষিত জায়গায় জমে থাকা পানি দেখা যাচ্ছে ব্রডকাস্ট ক্যামেরায়।
সিরিজ জয়ের অভিযানে বাংলাদেশ
রেকর্ডগড়া জয়ে ইতিহাস রচনার পর আরও বড় অর্জনের হাতছানি বাংলাদেশ দলের সামনে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে পরাজয় এড়ালেই মিলবে প্রথমবার মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ।
বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচ৷ প্রথম টেস্টের মতো এবারও প্রথম দিন রয়েছে বৃষ্টির শঙ্কা। তাই হয়তো প্রথম দিন নির্ধারিত ওভারের পুরোটা খেলা নাও হতে পারে।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে ম্যাচ জিতলেও, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়া আর কোনো দলের সঙ্গে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এই তালিকায় এবার পাকিস্তানের নাম তোলার সুযোগ। সে লক্ষ্য অর্জনে পরাজয় এড়ালেই চলবে বাংলাদেশের। তবে এজন্য রক্ষণাত্মক খেলার পক্ষে নন চান্দিকা হাথুরুসিংহে। বরং উইকেট ও কন্ডিশন বিবেচনা করে বরাবরের মতোই আক্রমণাত্মক পরিকল্পনায় খেলার কথাই বলেন বাংলাদেশ প্রধান কোচ।
