ব্যাটসম্যানদের স্বচ্ছ পরিকল্পনা চান হাথুরুসিংহে
প্রধান কোচ চান, যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকুক বাংলাদেশের ব্যাটসম্যানরা।
গত কয়েক সিরিজে বাংলাদেশের ব্যাটিংয়ের ধরনে দেখা গেছে উল্লেখযোগ্য পরিবর্তন। সাদা বলের ক্রিকেটে আগ্রাসী ব্যাটিংয়ের পথে হাঁটছেন সাকিব আল হাসান, লিটন দাসরা। এই ধারা বজায় রেখে ব্যাটসম্যানদের নিজেদের পরিকল্পনায় স্বচ্ছ থাকার তাগিদ দিয়েছেন চান্দিকা হাথুরুসিংহে।
আয়ারল্যান্ডের বিপক্ষে পরপর দুই ম্যাচে সাড়ে তিনশ ছুঁইছুঁই স্কোর গড়ে আগ্রাসী ব্যাটিং রপ্ত করার প্রচ্ছন্ন বার্তা দিয়েছে বাংলাদেশ। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ছিল ইতিবাচক ব্যাটিংয়ের ছাপ। তবে ওয়ানডেতে পাওয়ার প্লে কাজে লাগানোর ক্ষেত্রে রয়ে গেছে ঘাটতি।
নিজেদের সবশেষ দশ ওয়ানডেতে স্রেফ একবার কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লে কাটাতে পেরেছে বাংলাদেশ। সেদিন আয়ারল্যান্ডের বিপক্ষে ১০২ রান তাড়ায় ১০ উইকেটেই জিতেছিল তারা। বাকি ৯ ম্যাচে প্রথম দশ ওভারে একটি হলেও উইকেট হারিয়েছে তামিম ইকবালের দল।
ফল নিজেদের পক্ষে আনার জন্য ভালো শুরু খুবই গুরুত্বপূর্ণ। নতুন সিরিজ শুরুর আগে সেদিকে নজর দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ। ওপেনারদের বুঝিয়ে দিয়েছেন তাদের কাজ। স্পষ্ট করে বলেছেন, পাওয়ার প্লের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে হবে ওপেনাদেরই।
সিলেটে তিন দিনের বিশেষ ক্যাম্পের শেষ দিনের অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে নিজেদের ব্যাটিং পরিকল্পনা নিয়ে এই কথা জানান হাথুরুসিংহে।
“(ব্যাটসম্যানরা) যেখানে ব্যাটিং করবে, সে অনুযায়ী খেলতে হবে। ওপেনারদের প্রথম দশ ওভার ব্যাট করতে হবে। কীভাবে শুরু করতে চাই অথবা ফিল্ড রেস্ট্রিকশনের (প্রথম ১০ ওভার ফিল্ডিংয়ের বাধ্যবাধকতা) সুবিধা কীভাবে কাজে লাগাব। মাঝের দিকে আবার ভিন্ন পরিস্থিতি থাকবে। কখনও চার জন আউট হয়ে যায় বা কখনও আবার পাঁচ জন।”
“তো এটা গুরুত্বপূর্ণ আপনি কেমন শুরু করতে চান। যদি ওভাবে অনুশীলন না করেন, উইকেটে গিয়ে থমকে যাবেন। যেটা আমরা চাই না। আমরা চাই পরিস্থিতি যেমনই হোক, তাদের মাথায় পরিকল্পনা যেন স্বচ্ছ থাকে।”
শুরুর ধাক্কা সামলে মিডল অর্ডার থেকে মোটামুটি ধারাবাহিকভাবেই রান পাচ্ছে বাংলাদেশ। দারুণ ছন্দে আছেন সাকিব, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্তরা। ইতিবাচক ব্যাটিংয়ে আশা জাগাচ্ছেন দলে নতুন আসা তাওহিদ হৃদয়।
ব্যাটসম্যানদের এই মনোভাবে কোনো পরিবর্তন আনার পক্ষে নন হাথুরুসিংহে। তবে আগ্রাসী ক্রিকেটের যে ধারণা সেটি আরও একবার পরিষ্কার করলেন তিনি।
“আমাদের অ্যাপ্রোচ থাকবে সবসময় ইতিবাচক আগ্রাসী ক্রিকেট খেলার। এর মানে এমন নয় যে, বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিতে হবে। ক্রিকেটারদেরও আমি এই কথা বলি সবসময়। আগ্রাসী ক্রিকেট মানে হলো, যা-ই করি না কেন, ইতিবাচক আগ্রাসী অভিপ্রায় নিয়ে করা।”
“পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আগ্রাসী থাকা, সেটা হোক দল বাছাই কিংবা ফিল্ড প্লেসিং কিংবা কী ধরনের বোলিং করা হবে। আমরা ছেলেদেরকে এই স্বাধীনতা দিতে যাই, যেন তারা মাঠে গিয়ে নিজেদের মেলে ধরতে পারে।”
