Published : 26 Jul 2026, 06:50 PM
আগের দিন নাহিদ রানা ছিটকে যাওয়ায় বোলিং বিভাগে লাগে বড় ধাক্কা। গুরুত্বপূর্ণ আরও কয়েকজন খেলোয়াড়ের চোট শঙ্কা থাকায়, দলে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা ছিল। হলোও তাই। পাঁচ বছর পর, টেস্ট দলে ডাক পেলেন সৌম্য সরকার। সেই সঙ্গে জাকের আলি ও মুশফিক হাসানকে ফিরিয়ে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ।
আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্টের জন্য রোববার বিবৃতি দিয়ে ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
রোববার মিরপুরে প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে লম্বা সময় ধরে লাল বলে ব্যাটিং অনুশীলন করছিলেন জাকের। এতে ধারণা করা যাচ্ছিল, অস্ট্রেলিয়া সফরে বিকল্প উইকেটরক্ষক হিসেবে সুযোগ মিলতে পারে তার। আর নাহিদ রানা ছিটকে যাওয়ায় তার বিকল্প হিসেবে মুশফিক হাসান ডাক পেতে পারেন- এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল।
তবে, মাহমুদুল হাসান জয়ের বাজে পারফরম্যান্সের সুবাদে অপ্রত্যাশিতভাবে ডাক পেয়েছেন সৌম্য সরকার। পাঁচ বছরের বেশি সময় পর টেস্ট দলে ফিরলেন তিনি। এই সংস্করণে সবশেষ তিনি খেলেছেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
সবশেষ জাতীয় ক্রিকেট লিগে ১৪ ইনিংসে এক সেঞ্চুরি ও পাঁচ ফিফটিতে ৪৫ গড়ে ৬৩৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন সৌম্য। এই পারফরম্যান্স ছাড়াও, অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের মাটিতে আগে খেলার অভিজ্ঞতা থাকায় তাকে দলে রাখা হয়েছে।
এ বিষয়ে বিসিবির নির্বাচক প্যানেলের সদস্য নাদিফ চৌধুরি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকল্প ওপেনার হিসেবে সৌম্যকে নেওয়া হয়েছে।
“জয় সন্তোষজনক পারফরম্যান্স করতে পারছে না। তার বিকল্প হিসেবে সৌম্যকে নেওয়া হয়েছে। সবশেষ এনসিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল। সঙ্গে ওই কন্ডিশনে (অস্ট্রেলিয়ায়) খেলার অভিজ্ঞতা আছে। সবকিছু বিবেচনায় নিয়ে তাকে দলে রাখা হয়েছে।”
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে লিটন দাসের জায়গায় ডাক পেয়েছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। তবে, অস্ট্রেলিয়া সফরে লিটনের জায়গা নিয়েছেন জাকের।
‘এ’ দল ও এইচপি দলের হয়ে অঙ্কন নিজেকে আরেকটু পরিণত করে দলে জায়গা করে নিবেন, এমনটা প্রত্যাশা নাদিফের।
“আমরা চাচ্ছি, অঙ্কন ‘এ’ দল ও এইচপি দলের হয়ে খেলে আরেকটু পরিণত হয়ে আসুক। সে কারণে জাকেরকে নেওয়া হয়েছে। টেস্টে সে যে কয়েকটা সুযোগ পেয়েছে, ভালো ব্যাটিং করেছে। এসব বিবেচনায় নিয়ে জাকেরকে দলে নেওয়া হয়েছে।”
প্রায় তিন বছর পর ফের টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার মুশফিক হাসান। ২০২৩ সালে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে ছিলেন এই ডানহাতি পেসার। নাহিদ রানার বদলি হিসেবে এবার দলে সুযোগ মিলেছে তার।
তাকে জায়গা করে দিতে জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন রবিউল হক। ডানহাতি এই পেসারকেও ‘এ’ দলের হয়ে খেলিয়ে আরও পরিপক্ক করতে চান নির্বাচকরা।
“আমরা চাই না, রবিউল আবার শুধু শুধু দলের সঙ্গে থাকুক। এ জন্য তাকে রাখা হয়নি অস্ট্রেলিয়া সফরে। তাকে ‘এ’ দল ও এইচপি দলের হয়ে খেলানো হবে। আর গতির একটা ব্যাপার আছে, অস্ট্রেলিয়ায় বাড়তি গতির দরকার হবে। এ জন্য মুশফিক হাসানকে দলে নেওয়া হয়েছে।”
সবশেষ জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টের দল থেকে আরও বাদ পড়েছেন নাঈম হাসান ও তাওহিদ হৃদয়। নাঈম ও হৃদয়ের জায়গায় বিশ্রামে থাকা মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ ফিরেছেন দলে।
আগামী ৩১ জুলাই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দিবে বাংলাদেশ দল। ডারউইনে আগামী ১৩ অগাস্ট শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট আগামী ২২ অগাস্ট থেকে।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন , মুশফিক হাসান