কষ্টের পথ ধরে ‘কেষ্ট’ পাওয়ার আশায় লিটন
টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ চক্রে ৩৩ শতাংশ ক্যাচ ছেড়েছে বাংলাদেশ, তা কাটিয়ে উঠতে সবাই কঠোর পরিশ্রম করছে বলে জানালেন ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক।
গত বছর ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের ঘটনা। ১৪৫ রানের লক্ষ্যে ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে চাপে ভারত। ব্যাটিংয়ে নেমে ১ রানে শর্ট লেগে ক্যাচ দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু সেটি মুঠায় জমাতে পারেননি মুমিনুল হক। শুরুতেই সুযোগ পাওয়া অশ্বিন পরে আরও ৪১ রান করে বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে ভারতকে এনে দেন রোমাঞ্চকর এক জয়।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ চক্রে বাংলাদেশের ফিল্ডারদের হাত থেকে এমন ক্যাচ পড়ার ঘটনা দেখা গেছে নিয়মিতই। যার চড়া মাশুল দিতে হয়েছে প্রায় প্রতি বার। ভুলের সেই মিছিল থামাতে বাংলাদেশের ক্রিকেটারদের চেষ্টার কমতি নেই বলে জানালেন লিটন দাস। এবার আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে ভারপ্রাপ্ত অধিনায়কে আশা, অনুশীলনে ঘাম ঝরানোর সুফল সামনে পাবেন তারা।
ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার লড়াইয়ে টিভি সম্প্রচারে ভেসে ওঠে এই চক্রে ক্যাচের পরিসংখ্যান। সেখানে দেখা যায়, প্রায় ৩৩ শতাংশ ক্যাচ ছুটেছে বাংলাদেশের ফিল্ডারদের হাত থেকে। ৬০টি সুযোগের মধ্যে ৪০টি তালুবন্দী করতে পারে তারা।
ক্যাচ ছাড়ার হার অন্য যে কোনো দলের চেয়ে বেশি। শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপ নয়, অন্য দুই সংস্করণেও ক্যাচ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ব্যর্থতা চোখে পড়ে নিয়মিতই।
সংবাদ সম্মেলনে সোমবারের এই পরিসংখ্যান জেনে খুব একটা গভীরে যেতে চাইলেন না লিটন। তবে ক্যাচ ছাড়ার নেতিবাচক প্রভাব মেনে নিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক।
“আমি আসলে এগুলো (ক্যাচ ছাড়া) নিয়ে চিন্তিত নই। ভালো ক্যাচ ধরছে না আমাদের ফিল্ডাররা? দুই-একটা ক্যাচ মিস হতেই পারে। ক্যাচ মিস করা তো জিনিসটা হচ্ছে, আপনি যখন নিয়মিত ক্যাচ মিস করছেন, আস্তে আস্তে দিন দিন পেছনের দিকে যাচ্ছেন। যে জায়গায় হয়তো আপনি এক-দুইটা উইকেট আগে নিতে পারতেন, সে জায়গায় পেছনে যাচ্ছেন।”
ক্যাচ নেওয়ার ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা নিশ্চিতভাবেই নজর এড়ায়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। নিয়মিতই ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং সেশনেও বাড়তি গুরুত্ব চোখে পড়ে ফিল্ডিংয়েও। সাম্প্রতিক সময়ে উন্নতির কিছুটা ছাপও পড়েছে পারফরম্যান্সে।
এই চেষ্টার ফল আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্ট ও সামনের সময়টায় আরও বেশি করে পড়বে বলেই আশা লিটনের।
“আমরা ভালো করার চেষ্টা করছি, চেষ্টার মাধ্যমটা কি? আমরা অনুশীলন করছি, অনেক কষ্ট করছি। কষ্ট করতে করতে একটা সময় কেষ্ট মেলবে। ওই আশাতেই আছি। পরিশ্রম করে যাচ্ছি, সামনেও করব। আমরা আশাবাদী, একটা সময় এই জিনিসটা বদলে যাবে।”
