২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকবরের ৮৮ রানের পর আল মামুনের ঝলক

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরির কাছে গিয়ে আউট হলেন আকবর আলি।

আকবরের ৮৮ রানের পর আল মামুনের ঝলক

৮৮ রানের ইনিংস খেলেন আকবর আলি। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2022, 05:23 PM

Updated : 28 Dec 2022, 05:27 PM

১৩ ম্যাচ খেলে ব্যাটিং গড় মোটে ১৬.২৩। সর্বোচ্চ ইনিংসটি স্রেফ ৪৩ রানের। আকবর আলির মতো প্রতিভাবান একজনের পাশে এই পরিসংখ্যান তো বড্ড বেমানান! সেই আকবর অবশেষে সাদা পোশাকে নিজের ব্যাটিং সামর্থ্য দেখালেন কিছুটা। হারার আগে তিনিই একটু লড়াই করলেন উত্তরাঞ্চলের হয়ে। তবে মধ্যাঞ্চলের জয় ছিল অবধারিতই। তা আরও অনায়াস হলো আব্দুল্লাহ আল মামুনের আগ্রাসী ব্যাটিংয়ে। 

বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চট্টগ্রামে বিসিবি উত্তরাঞ্চলকে তিন দিনেই ১০ উইকেটে হারাল বিসিবি মধ্যাঞ্চল। 

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ফিফটিকে সেঞ্চুরির কাছে নিয়ে আকবর আউট হন ১১৬ বলে ৮৮ রান করে। তবে সতীর্থদের ব্যর্থতায় তার দল অলআউট হয় ২৪৭ রান করে। 

জয়ের জন্য ৮২ রান তাড়ায় মধ্যাঞ্চল জিতে যায় ১৭.৪ ওভারেই। ৯ চার ও ৩ ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন আল মামুন। 

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বুধবার ৪ উইকেটে ১২২ রান নিয়ে দিন শুরু করে উত্তরাঞ্চল। ইনিংস পরাজয় এড়াতে তখনও তাদের প্রয়োজন ছিল ৪৪ রানের। 

দিনের দ্বিতীয় ওভারেই আবু হায়দার রনির অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে অভিজ্ঞ নাসির হোসেন ধরা পড়েন উইকেটের পেছনে। আকবর গিয়ে জুটি গড়েন সাইফ হাসানের সঙ্গে। 

এই জুটিও খুব দীর্ঘ হয়নি। প্রথম ইনিংসে ৭৩ রান করা সাইফ এবার থামেন ৪৩ রানে। আরিফুল হকের মিডিয়াম পেসে একটু ভেতরে ঢোকা বল পা বাড়িয়ে খেললেও ব্যাট-প্যাডের মধ্যে ফাঁক রেখে দেন সাইফ। বল সেখান দিয়েই লাগে স্টাম্পে। 

এরপর পুরোটাই বলা যায় আকবর-শো। একপ্রান্ত থেকে তিনি শট খেলতে থাকেন। আরেকপ্রান্তে লম্বা সময় সঙ্গী পাননি কাউকে। সোহরাওয়ার্দী শুভ যদিও একটু সময় সঙ্গ দেন তাকে। তবে শুভাগত হোমকে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে তিনি বোল্ড হয়ে যান ৬১ বলে ১৬ রান করে। 

আকবর দ্রুত বাড়াতে থাকেন রান। হাসান মুরাদকে সুইপ করে চার মেরে স্পর্শ শ্রেণির ক্রিকেটে প্রথম ফিফটির স্বাদ পান ৭১ বলে। পরে আবু হায়দার রনির স্লোয়ারে ছক্কা মারেন স্লগ করে, পরের বলে পুল করে বাউন্ডারি। মুশফিক হাসানকে বাউন্ডারি মারেন পরপর দুই বলে। 

সেঞ্চুরিকে যখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার, আবু হায়দারের শর্ট বলে পুল করে সীমানায় ধরা পড়েন আকবর। শেষ হয় তার ১১ চার ও ১ ছক্কার ইনিংস। 

পরের ওভারেই শেষ হয় দলের ইনিংস। আবু হায়দার থামেন চার উইকেট নিয়ে। 

৮২ রানের জয়ের লক্ষ্যে মধ্যাঞ্চলকে দ্রুত এগিয়ে নেন আব্দুল্লাহ আল মামুন। গত জাতীয় লিগে টুর্নামেন্ট সেরা হওয়া ১৯ বছর বয়সী ওপেনার দারুণ সব শটে ছুটে যান ফিফটিতে। আরেকপাশে অভিজ্ঞ আব্দুল মজিদ স্রেফ দর্শক হয়ে থাকেন। মধ্যাঞ্চল জিতে যায় সহজেই। 

প্রথম ইনিংসের সেঞ্চুরি ম্যাচ সেরা পুরস্কার পান মধ্যাঞ্চলের জাকের আলি। আগের ম্যাচেও সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। 

সংক্ষিপ্ত স্কোর: 

বিসিবি উত্তরাঞ্চল ১ম ইনিংস: ১৬৯ 

বিসিবি মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৩৩৫ 

বিসিবি উত্তরাঞ্চল ২য় ইনিংস: ৬৭.৫ ওভারে ২৪৭ (আগের দিন ১২২/৪) (জয় ৮, তৌফিক ৭২, তানজিদ ১০, সাইফ ৪৩, নাঈম ইসলাম ৫, নাসির ১, আকবর ৮৮, সোহরাওয়ার্দী ১৬, সাকিল ১, নাঈম আহমেদ ২, নাহিদ রানা ০*; মুশফিক ১৬-৩-৭০-২, আবু হায়দার ১৫-৩-৬৬-৪, সৌম্য ৬.৩-১-৩৭-১, আল মামুন ১-০-৫-০, মুরাদ ১২.৫-১-৩৬-১, আরিফুল ৬.২-১-১১-১, শুভাগত ৯-৩-২১-১, শরিফউল্লাহ ১-০-১-০)

বিসিবি মধ্যাঞ্চল ২য় ইনিংস: (লক্ষ্য ৮২) ১৭.৪ ওভারে ৮৫/০ (মজিদ ১৭*, আল মামুন ৬৬*, নাহিদ ৩-০-১৬-০, নাঈম ইসলাম ২-০-৮-০, নাঈম আহমেদ ৬.৪-১-২৬-০, সোহরাওয়ার্দী ২-০-১৭-০, নাসির ৩-১-১৬-০, জয় ১-১-০-০)

ফল: বিসিবি মধ্যাঞ্চল ১০ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: জাকের আলি