২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেঙে ফেলা হবে গ্যাবা, ব্রিজবেনে ৬৩ হাজার দর্শক ধারণক্ষমতার নতুন স্টেডিয়াম

ব্রিজবেনের ভিক্টোরিয়া পার্ক এলাকায় নির্মিত হবে নতুন স্টেডিয়াম।

ভেঙে ফেলা হবে গ্যাবা, ব্রিজবেনে ৬৩ হাজার দর্শক ধারণক্ষমতার নতুন স্টেডিয়াম
ছেলেদের ৬৭টি টেস্ট ম্যাচ হয়েছে ব্রিজবেনের গ্যাবায়। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2025, 08:12 PM

Updated : 26 Aug 2026, 12:21 PM

অস্ট্রেলিয়ার সবচেয়ে আইকনিক ক্রিকেট স্টেডিয়ামগুলোর একটি ও টেস্ট ক্রিকেটের অনেক স্মরণীয় মুহূর্তের সাক্ষী গ্যাবা ভেঙে ফেলা হবে ২০৩২ সালের অলিম্পিকসের পর। ব্রিজবেনের ভিক্টোরিয়া পার্ক এলাকায় নির্মিত হবে ৬৩ হাজার দর্শক ধারণক্ষমতার নতুন স্টেডিয়াম।

২০৩২ ব্রিজবেন অলিম্পিকসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের পাশাপাশি অ্যাথলেটিক্সও আয়োজন করা হবে নতুন এই স্টেডিয়ামে। মঙ্গলবার এই পরিকল্পনার ঘোষণা দিয়েছে কুইন্সল্যান্ড সরকার। এই স্টেডিয়ামই হয়ে উঠবে ব্রিজবেনে ক্রিকেটের নতুন আবাসস্থল।

গ্যাবার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল আগেই। ২০২৪ সালে ক্রিকেট অস্ট্রেলিয়া যখন তাদের সাত বছরের আন্তর্জাতিক ভেন্যু ঘোষণা করে, তখন ২০২৬-২৭ মৌসুম থেকে এখানে কোনো টেস্ট ম্যাচের সূচি রাখা হয়নি। আগামী অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট হবে এই মাঠে, সেটিই হতে পারে এখানে শেষ টেস্ট।

চার দশকের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট হয়ে আসছিল গ্যাবায়। এবার সেই রীতি বদলে প্রথম টেস্ট রাখা হয়েছে পার্থে। 

১৯৬০ সালে ইতিহাসের প্রথম ‘টাই’ টেস্ট, শেন ওয়ার্নের ৮ উইকেটের ক্যারিয়ার সেরা বোলিং, জন্মদিনে পিটার সিডলের হ্যাটট্রিকসহ টেস্ট ক্রিকেটের অনেক স্মরণীয় ঘটনা ঘটেছে এই মাঠে।

১৯৩১ সাল থেকে ছেলেদের ৬৭ ও মেয়েদের দুটি টেস্ট হয়েছে গ্যাবায়। ১৯৮৮ থেকে ৩২ বছরে এই মাঠে টানা ৩১ টেস্টে অপরাজিত ছিল অস্ট্রেলিয়া। ২০২১ সালে তাদের সেই অপরাজেয় যাত্রা থামায় ভারত।

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস আসর দিয়ে ১২৮ বছর পর ক্রিকেট ফিরতে যাচ্ছে অলিম্পিকসে। ২০৩২ অলিম্পিকসের ক্রিকেট ইভেন্টের ফাইনাল হতে পারে গ্যাবায়।