Published : 24 Dec 2025, 03:25 PM
ওপেন করতে নেমে দেড়শ ছোঁয়া ইনিংসে শক্ত ভিত গড়ে দিলেন বৈভাব সুরিয়াভানশি। তিন অঙ্কের ছোঁয়া পেলেন আয়ুশ লোহারুকাও। প্রতিপক্ষের ওপর তাণ্ডব চালানোয় তাদের দুইজনকে ছাড়িয়ে গেলেন সাকিবুল গানি। তিন ব্যাটসম্যানের সেঞ্চুরিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রানের বিশ্ব রেকর্ড গড়ল বিহার।
ভারতের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট ভিজায় হাজারের ট্রফিতে বুধবার এই কীর্তি গড়ে বিহার। আরুনাচল প্রদেশের বিপক্ষে ৬ উইকেটে ৫৭৪ রান করে তারা, লিস্ট ‘এ’ ক্রিকেটে যা বিশ্ব রেকর্ড।
এই সংস্করণে আগের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডটি ছিল ভারতেরই আরেক দল তামিল নাড়ুর। ২০২২ সালে ভিজায় হাজারে ট্রফিতেই ২ উইকেটে ৫০৬ রান করেছিল তারা। কাকতালীয়ভাবে, তামিল নাড়ুর প্রতিপক্ষও ছিল আরুনাচল প্রদেশ।
লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরিতে ভারতের বিস্ময়-বালক সুরিয়াভানশি করেন ১৯০ রান। তার ৮৪ বলের ইনিংসটিতে বাউন্ডারি থেকেই আসে ১৫৪ রান, মারেন ১৫টি ছক্কা ও ১৬টি চার।
১৪ বছর ২৭২ দিন বয়সে ইনিংসটি খেলে লিস্ট ‘এ’ ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন সুরিয়াভানশি। তিনি ভেঙে দিয়েছেন ১৯৮৬ সালে ১৫ বছর ২০৯ দিন বয়সে সেঞ্চুরি করা পাকিস্তানের সাবেক ওপেনার জাহুর এলাহির রেকর্ড।
বিধ্বংসী ইনিংসটির পথে ৩৬ বলে সেঞ্চুরি স্পর্শ করেন সুরিয়াভানশি। দেড়শতে পা রাখেন ৫৯ বলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম দেড়শ ছোঁয়ার বিশ্ব রেকর্ডও এখন তার। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকান গ্রেট এবি ডি ভিলিয়ার্স দেড়শ করেছিলেন ৬৪ বলে।
একটা সময় মনে হচ্ছিল, এই সংস্করণে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দিবেন সুরিয়াভানশি। কিন্তু শেষ পর্যন্ত সেই কীর্তি গড়তে পারলেন না তিনি ১০ রানের জন্য। লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বলে ডাবল সেঞ্চুরির রেকর্ড নিউ জিল্যান্ডের চ্যাড বোয়েসের, ১০৩ বলে।
চারে নেমে ৮ ছক্কা ও ১১ চারে ৫৬ বলে ১১৬ রান করেন আয়ুশ। তার পরে নামা সাকিবুল খেলেন ১২৮ রানের অপরাজিত ইনিংস। তার ৪০ বলের টর্নেডো ইনিংসটি গড়া ১২ ছক্কা ও ১০ চারে।
ইনিংসটির পথে ৩২ বলে সেঞ্চুরি স্পর্শ করেন সাকিবুল। লিস্ট ‘এ’ ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যা দ্রুততম শতকের রেকর্ড। এদিনই কার্নাটাকার বিপক্ষে ঝাড়কাণ্ডের হয়ে ৩৩ বলে সেঞ্চুরি করেন ইশান কিষান।
এতদিন এই সংস্করণে ভারতের দ্রুততম সেঞ্চুরিয়ান ছিলেন আনমোলপ্রিত সিং। গত বছর বিজায় হাজারে ট্রফিতেই পাঞ্জাবের হয়ে আরুনাচলের বিপক্ষে ৩৫ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন তিনি।
২৯ বলে সেঞ্চুরিতে বিশ্ব রেকর্ডটি অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্কের। ২০২৩ সালে তাসমানিয়ার বিপক্ষে ইনিংসটি খেলেছিলেন তিনি সাউথ অস্ট্রেলিয়ার হয়ে। ডি ভিলিয়ার্স ২০১৫ সালে ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেটি আন্তর্জাতিক ওয়ানডের দ্রুততম শতরান।
রাঁচিতে এদিন সুরিয়াভানশির সৌজন্যে স্রেফ ১৪.৩ ওভারে ১৫৮ রান করে ভাঙে বিহারের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার মাঙ্গাল মাহরউর করেন ৩৩ রান রান। তিনে নেমে ২ ছক্কা ও ৭ চারে ৬৬ বলে ৭৭ রান করেন পিয়ুশ সিং।
চতুর্থ উইকেটে আয়ুশ আর সাকিবুল মিলে দলের রান নিয়ে যান পাঁচশর কাছে। সেঞ্চুরি করে যখন বিদায় নেন আয়ুশ, তখন চলছে ৪৬ ওভার। পরের চার ওভারে ঝড় তুলে দলের রান ছয়শর কাছে নিয়ে যান সাকিবুল। তার তাণ্ডবে শেষ ২৫ বলে ৮৯ রান তোলে বিহার।