২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিতের পর টেস্ট ক্রিকেটকে 'বিদায় বলতে চান' কোহলিও

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, নিজের ইচ্ছার কথা এরই মধ্যে বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন ভারতীয় ব্যাটিং গ্রেট।

রোহিতের পর টেস্ট ক্রিকেটকে 'বিদায় বলতে চান' কোহলিও
ভিরাট কোহলি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2025, 04:10 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

ক্রিকেটের অভিজাত সংস্করণে নিজের ‘শেষ দেখে ফেলেছেন’ ভিরাট কোহলি। টেস্ট ক্যারিয়ারের ইতি টানার পরিকল্পনা নাকি এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন দেশটির ব্যাটিং গ্রেট।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর শনিবারের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন ইংল্যান্ড সিরিজের আগেই টেস্ট থেকে অবসর নেওয়ার ইচ্ছা কোহলির। মাসখানেক ধরে এ বিষয়ে বিসিসিআই কর্তাদের সঙ্গে আলোচনা করছেন ৩৬ বছর বয়সী ক্রিকেটার।

ভারতীয় কিছু সংবাদ মাধ্যমের খবর, এখনই কোহলিকে ছাড়তে নারাজ বিসিসিআই। বোর্ডের শীর্ষ কর্মকর্তারা অভিজ্ঞ এই ব্যাটসম্যানের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেছেন।

স্কাই স্পোর্টস তাদের প্রতিবেদনে বলেছে, ভারতের প্রধান নির্বাচক আজিত আগারকার ও আরেকজন বিসিসিআই কর্মকর্তা কোহলির সঙ্গে দেখা করতে চাইছেন। কিন্তু ভারত-পাকিস্তানের যুদ্ধের দামামার মাঝে সেটা অনিশ্চিত হয়ে পড়েছে।

কোহলি যদি তার ভাবনা থেকে সরে না আসেন, তাহলে শিগগিরই টেস্ট ক্রিকেট থেকে ভারতের আরেক নক্ষত্রের বিদায় দেখা যাবে। গত বুধবার এই সংস্করণ থেকে অবসর নেন ভারতের অধিনায়ক ও তারকা ওপেনার রোহিত শার্মা।

রোহিত টেস্ট ছাড়ায় ইংল্যান্ড সফরে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে ভারত। আর গুরুদায়িত্বটি পাওয়ার দৌড়ে শুবমান গিলকে এগিয়ে রাখা হচ্ছে। আসছে সিরিজটিতে দলের জন্য কোহলির অভিজ্ঞতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। 

গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন রাভিচান্দ্রান অশ্বিন। এরপর টেস্ট ক্রিকেট ছাড়লেন রোহিত। অনেক দিন ধরে টেস্ট দলের বাইরে চেতেশ্বর পুজারা ও আজিঙ্কা রাহানে। চোট কাটিয়ে ফেরার পর থেকে মোহাম্মদ শামির ফর্ম প্রশ্নবিদ্ধ।

ভারতের টেস্ট দলে তাই অভিজ্ঞদের মধ্যে লোকেশ রাহুল, রাভিন্দ্রা জাদেজা ও জাসপ্রিত বুমরাহর সঙ্গে আছেন কেবল কোহলি। ইংল্যান্ড সফরের আগে যদি লাল বলের ক্রিকেট অধ্যায়ের ইতি টেনে দেন কোহলি, তাহলে সেটা বড় এক ধাক্কা হয়ে আসবে ভারতের জন্য।

সবশেষ অস্ট্রেলিয়া সফর থেকেই নাকি টেস্টে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন কোহলি। ওই সিরিজে পাঁচ টেস্টে ৯ ইনিংসে ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেন তিনি। সেঞ্চুরি ছিল একটি।

টেস্টে তিনি সেরা চেহারায় নেই লম্বা সময় ধরে। সবশেষ ২৩ ইনিংসে ওই এক সেঞ্চুরির সঙ্গে ফিফটি কেবল দুটি। এর আগেও দীর্ঘ একটা সময় সেঞ্চুরি খরায় ভুগেছিলেন তিনি। 

২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত অবিশ্বাস্য ফর্মে ছিলেন কোহলি। ২০১৬ সালে তার ব্যাটিং গড় ছিল ৭৫.৯৩, পরের বছর ৭৫.৬৪, ২০১৮ সালে ৫৫.০৮ এবং ২০১৯ সালে ৬৮। এই চার বছরে ৪৩ টেস্ট খেলে কোহলি রান করেন ৪ হাজার ২০৮। ব্যাটিং গড় ছিল ৬৬.৭৯, সেঞ্চুরি ১৬টি।

এরপর ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা তিন বছর কোনো সেঞ্চুরি করতে পারেননি তিনি টেস্টে। ২০২৩ সালে এসে ফর্মে ফেরার ইঙ্গিত দেন। ৮ টেস্ট খেলে দুই সেঞ্চুরিতে ৫৫.৯১ গড়ে করেন ৬৭১ রান। কিন্তু গত বছর থেকে আবারও ছন্দ খুঁজে ফিরছেন কোহলি।

সব মিলিয়ে, তার ফর্ম নিয়ে চলছিল আলোচনা-সমালোচনা। তবুও কোহলিকে গত এপ্রিলে কেন্দ্রীয় চুক্তির শীর্ষ ক্যাটাগরিতে রাখে বিসিসিআই। সেখানে তার সঙ্গে আছেন রোহিত, জাদেজা ও বুমরাহ। সাধারণত তিন সংস্করণে খেলা ক্রিকেটাররা পেয়ে থাকেন কেন্দ্রীয় চুক্তির শীর্ষ ক্যাটাগরি। কিন্তু গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণকে বিদায় বলে দেন কোহলি, রোহিত ও জাদেজা।

রোহিতের পর কোহলিও যদি টেস্টকে বিদায় বলে দেন, তাহলে এই দুইজনকে কেবল ওয়ানডেতে পাবে ভারত।

২০১১ সালে টেস্ট অভিষিক্ত কোহলির ক্যারিয়ারের শুরুটা অসাধারণ কিছু ছিল না। নিজের চতুর্থ টেস্টে এসে জোড়া ফিফটি করেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রথম সেঞ্চুরির স্বাদ পান ১৪তম ইনিংসে এসে, অস্ট্রেলিয়ায় ১১৬ রান।

সময়ের সঙ্গে নিজেকে ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেন কোহলি। সব মিলিয়ে এখন পর্যন্ত ১২৩ টেস্ট খেলে তার রান ৯ হাজার ২৩০। সেঞ্চুরি ৩০টি, ফিফটি ৩১টি। ব্যাটিং গড় ৪৬.৮৫। টেস্ট ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তার চেয়ে বেশি রান আছে কেবল তিনজনের- সুনিল গাভাস্কার, রাহুল দ্রাবিড় ও সাচিন টেন্ডুলকার।

লম্বা একটা সময় ভারতের টেস্ট দলের অধিনায়কও ছিলেন কোহলি। তার নেতৃত্বে ৬৮ টেস্ট খেলে কেবল ১৭টিতে হেরেছে ভারত। অধিনায়ক হিসেবে তার ৪০ জয় ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। আর সব দেশ মিলিয়ে তার চেয়ে বেশি টেস্ট জেতা অধিনায়ক গ্রায়েম স্মিথ (৫৩), রিকি পন্টিং (৪৮) ও স্টিভ ওয়াহ (৪১)।