‘এমনটা কখনো দেখিনি’, পিসিবির সিদ্ধান্তে হতবাক রামিজ
পিসিবির সাবেক সভাপতির মতে, এমন কাণ্ড কেবল দেশের ক্রিকেটের ভাবমূর্তিই নষ্ট করছে।
সিরিজের মাঝপথে দলের অর্ধেক ক্রিকেটারকে বাদ দেওয়া ও দুই কোচকে বরখাস্ত করার ঘটনায় বিস্মিত রামিজ রাজা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এই ‘নজিরবিহীন’ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন তিনি। পিসিবির সাবেক সভাপতির মতে, এমন কাণ্ড কেবল দেশের ক্রিকেটের ভাবমূর্তিই নষ্ট করছে।
ইংল্যান্ডে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ও ১০৩ রানে হারে পাকিস্তান। লর্ডসে পরের টেস্টে ১৯৪ রানে হারের তেতো স্বাদ পায় তারা। দুই টেস্টের চার ইনিংসে একবারও দুইশ রান করতে পারেনি সফরকারীরা।
এক টেস্ট বাকি থাকতে সিরিজ হেরে যাওয়ার পর, সোমবার হুট করে দলে বড় পরিবর্তনের ঘোষণা দেয় পিসিবি। তৃতীয় টেস্টের আগে সাত জনকে দেশে ফেরত পাঠায় তারা। যে তালিকায় আছেন মোহাম্মাদ রিজওয়ান, সালমান আলি আগা, ইমাম-উল-হাকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
শুধু তাই নয়, টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সারফারাজ আহমেদকে সরিয়ে দেওয়া হয়। বোলিং কোচ উমার গুলকেও করা হয় চাকরিচ্যুত। তাদের জায়গায় মাইক হেসন ও অ্যাশলি নফকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগে থেকেই পাকিস্তানের সাদা বলের দলে প্রধান কোচ ও বোলিং কোচ হিসেবে আছেন এই দুইজন।
পিসিবির এমন সিদ্ধান্ত নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিবিসি রেডিও ফাইভ লাইভে এনিয়ে কথা বলেন রামিজও। সাবেক এই ব্যাটসম্যানের মতে, আতঙ্কিত হয়ে এমন কাজ করেছে পাকিস্তানের ক্রিকেট কর্তারা।
“আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে, সবকিছু ঠিক আছে। কিন্তু আসলে তা নেই। এটা দেখাচ্ছে, পাকিস্তান ক্রিকেট আতঙ্কিত হয়ে পড়েছে। এটা ক্রিকেটের জন্য ভালো নয়, দলে আসা খেলোয়াড়দের আত্মবিশ্বাসের জন্যও ভালো নয়, এমনকি যারা দলে রয়ে গেছে তাদের জন্যও নয়। কারণ, এমন সিদ্ধান্ত একটি দলকে স্বার্থপর করে তোলে।”
এজবাস্টন টেস্টের দলে ডাক পেয়েছেন আরাফাত মিনহাস, মোহাম্মাদ ইমরান জুনিয়র, সাইদ বেগ, মোহাম্মাদ ইমরান ও রাজাউল্লাহ। এদের কারো টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। এছাড়া সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফাজালকেও দলে ফিরিয়েছে পাকিস্তান। এই পরিবর্তনের পেছনে পিসিবির কৌশল কী, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রামিজ।
“তারা যে ফল এনে দেবে, তার নিশ্চয়তা কী? এদের কয়েকজন তো টেস্ট ক্রিকেটই খেলেনি। কেন এমন করা হলো, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।”
মৌসুমের মাঝপথে কোচ বদলের ঘটনা ফুটবলে দেখা গেলেও, সিরিজ চলাকালে এমন কিছু ক্রিকেটে প্রথমবার দেখছেন রামিজ।
“বিশ্ব ক্রিকেটে আমরা এমন ঘটনা কতবার দেখেছি? কখনোই না। এটা অনেকটা ফুটবলের মতো—মৌসুমের মাঝপথে একজন ম্যানেজারকে বরখাস্ত করা। আমাকে যদি জিজ্ঞেস করেন, কীভাবে পরিস্থিতি ঠিক করা যায়, আমার কোনো ধারণা নেই।”
বার্মিংহ্যামে আগামী ৯ সেপ্টেম্বর শুরু ইংল্যান্ড-পাকিস্তানের তৃতীয় ও শেষ টেস্ট।
