Published : 09 Mar 2026, 07:40 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর মেয়াদ শেষের আগেই শ্রীলঙ্কার কোচের দায়িত্ব ছাড়তে চাওয়ার ঘোষণা দিয়েছিলেন সানাৎ জায়াসুরিয়া। এবার নিশ্চিত হয়ে গেল সেটি। নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো গ্যারি কার্স্টেনকে।
বিশ্বকাপ শেষের পরদিন সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক বিবৃতিতে দুই বছরের চুক্তিতে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যানকে দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে।
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপে সুপার এইটে তিন ম্যাচের সবকটি হেরে বিদায় নেয় লঙ্কানরা। সুপার এইটের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের পর জায়াসুরিয়া জানান, কোচের দায়িত্ব থেকে সরে যেতে চান তিনি। লঙ্কান কিংবদন্তি কখন দায়িত্ব ছাড়বেন, তা পরিষ্কার করেননি তখন।
এসএলসি জানিয়েছে, আগামী ১৫ এপ্রিল শুরু হবে কার্স্টেনের দায়িত্বের মেয়াদ, থাকবেন ২০২৮ সালের ১৪ এপ্রিল পর্যন্ত।
জায়াসুরিয়ার বিষয়ে কিছু উল্লেখ করেনি লঙ্কান বোর্ড। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে আগামী শুক্রবার শুরু হতে যাওয়া সীমিত ওভারের সিরিজ পর্যন্ত জায়াসুরিয়া দায়িত্ব চালিয়ে যাবেন কি না, সেটি তাই পরিষ্কার নয়।
যদিও ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের কারণে আফগানিস্তান ও শ্রীলঙ্কার সাদা বলের সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপে নামিবিয়ার পরামর্শক হিসেবে কাজ করেছেন ৫৮ বছর বয়সী কার্স্টেন। দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন কার্স্টেন ১৯৯৩ থেকে ২০০৪ পর্যন্ত খেলেছেন ১০১ টেস্ট ও ১৮৫ ওয়ানডে। ক্যারিয়ার শেষে তার কোচিংয়ের অধ্যায় শুরু হয় কেপ টাউনে একাডেমি গড়ে। এখন সেই একাডেমি বেশ বিখ্যাত।
২০০৭ সালে ভারতের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। তার কোচিংয়েই ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। তার মেয়াদে টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষে উঠেছিল দলটি।
২০১১ থেকে ২০১৩ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব পালন করেন কার্স্টেন। ২০২৪ সালের এপ্রিলে পাকিস্তানের সাদা বলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে। কিন্তু বোর্ডের সঙ্গে মতবিরোধে সেই দায়িত্ব তিনি ছেড়ে দেন ছয় মাসেই।
বিভিন্ন জাতীয় দল ছাড়াও আইপিএলে দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স এবং বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সে কাজ করেছেন কার্স্টেন।