২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে সুরক্ষা বলয় ভেঙে নিষিদ্ধ আম্পায়ার

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে জৈব-সুরক্ষা বলয় ভেঙে শাস্তি পেয়েছেন ইংলিশ আম্পায়ার মাইকেল গফ। দায়িত্ব থেকে তাকে ছয় দিনের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2021, 11:24 PM

Updated : 07 Apr 2022, 11:49 PM

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে অনুমতি ছাড়াই হোটেল ছেড়ে জৈব-সুরক্ষা বলয়ের বাইরে গিয়েছিলেন গফ। তার নিষেধাজ্ঞা শুরু হয় গত ২৮ অক্টোবর থেকে।

৪১ বছর বয়সী এই আম্পায়ার এরই মধ্যে একটি ম্যাচে দায়িত্ব পালন করতে পারেননি। ৩১ অক্টোবর দুবাইয়ে ভারত ও নিউ জিল্যান্ডের ওই ম্যাচে গফের জায়গায় দায়িত্বে ছিলেন দক্ষিণ আফ্রিকার মারাইস ইরাসমাস।

আইসিসির একজন মুখপাত্র ক্রিকইনফোকে বলেন, “টুর্নামেন্টের জৈব-সুরক্ষা বলয় ভাঙার কারণে আম্পায়ার মাইকেল গফকে ছয় দিনের জন্য আলাদা থাকার নির্দেশ দিয়েছে জৈব-নিরাপত্তা উপদেষ্টা কমিটি।”

এই সময়ে দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ দিন গফের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। ধারণা করা হচ্ছে, প্রথম দুই দফা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তৃতীয় পরীক্ষা ছিল মঙ্গলবার। যদি ফল নেগেটিভ আসে তাহলে তিনি কাজে ফেরার অনুমতি পাবেন।

গফের পরবর্তী ম্যাচ আগামী বৃহস্পতিবার, আবু ধাবিতে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ।

বিশ্বকাপের প্রস্তুতি পর্বে দুটি, প্রথম রাউন্ডে দুটি ও সুপার টুয়েলভে আটটি ম্যাচ পরিচালনার দায়িত্ব পান গফ। সুরক্ষা-বলয় ভাঙার আগে সুপার টুয়েলভের চারটি ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি।

শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর আগামী শনিবার অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ও রোববার আফগানিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচে দায়িত্ব পালন করার কথা তার।

আসরের সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম এখনও ঘোষণা করেনি আইসিসি।