শেষ বলে ছক্কায় বাটলারের প্রথম সেঞ্চুরি
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আশির বেশি ম্যাচ খেলেও সেঞ্চুরি ছিল না জস বাটলারের। সবচেয়ে বড় মঞ্চেই সেই খরা কাটালেন ইংল্যান্ডের বিধ্বংসী এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ বল ছক্কায় উড়িয়ে বহু কাঙ্ক্ষিত তিন অঙ্কে পা রাখেন তিনি।
শারজাহতে সোমবার ইনিংস শুরু করতে নেমে ১০১ রানে অপরাজিত থাকেন বাটলার। ৬৭ বলের ইনিংসটি সাজান তিনি ৬টি করে ছক্কা-চারে। এবারের বিশ্বকাপে তার ব্যাটেই এলো প্রথম সেঞ্চুরি।
বাটলারের অসাধারণ ইনিংসের সুবাদে ৪ উইকেটে ১৬৩ রানের পুঁজি দাঁড় করায় ইংল্যান্ড।
ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করলেন বাটলার। লঙ্কানদের বিপক্ষেই ২০১৪ আসরে ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন অ্যালেক্স হেলস।
আন্তর্জাতিক ক্রিকেটের ২০ ওভারের সংস্করণে বাটলার ও হেলস ছাড়া ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে সেঞ্চুরি আছে দাভিদ মালান ও লিয়াম লিভিংস্টোনের। বাটলারই ইংল্যান্ডের একমাত্র ব্যাটসম্যান, যার দেশের হয়ে তিন সংস্করণেই রয়েছে সেঞ্চুরি।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের মন্থর উইকেটে এদিন সতীর্থরা ভুগলেও দুর্দান্ত ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরেন বাটলার। শুরুতে কিছুটা সাবধানী ছিলেন তিনি। তবুও ফিফটি আসে ৪৫ বলে।
এরপর ঝড় তোলেন ডানহাতি এই ব্যাটসম্যান। ফিফটি থেকে সেঞ্চুরিতে যেতে তার লাগে কেবল ২২ বল।
সেঞ্চুরিতে পা রাখতে শেষ ওভারে ১৩ রান প্রয়োজন ছিল বাটলারের। দুশমন্থ চামিরাকে প্রথম বলেই চার মেরে দেন তিনি। তৃতীয় বলে পান জীবন। একশ থেকে ৫ রান দূরে থাকতে দুই বলে নিতে পারেননি কোনো রান। চামিরা শেষ বলটি যেন উপহার দেন তাকে। ফুলটস বল স্কয়ার লেগ দিয়ে সীমানা ছাড়া করেন বাটলার।
দেশের হয়ে টি-টোয়েন্টিতে ৮৬ ম্যাচে ৭৮তম ইনিংসে সেঞ্চুরি পেলেন বাটলার। এই ইনিংসের পথে ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রান করলেন তিনি; এখান তার মোট রান হলো দুই হাজার ৮৫।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রান পূর্ণ করা ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হলেন বর্তমান অধিনায়ক ওয়েন মর্গ্যান।
২০ ওভারের বৈশ্বিক আসরে অষ্টম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন বাটলার। এই প্রতিযোগিতায় ৯টি সেঞ্চুরির দুটি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের।
