‘ধর্মের জন্য কাউকে আক্রমণ করা সবচেয়ে জঘন্য’
পাকিস্তানের বিপক্ষে হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহাম্মদ শামিকে হেনস্তাকারীদের এক হাত নিলেন বিরাট কোহলি। ভারত অধিনায়কের মতে, মেরুদণ্ডহীন কিছু লোক এই বাজে কাজগুলো করে থাকে। ধর্মের কারণে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা কোহলির কাছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গত রোববার নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে হারে ভারত। দলটির হয়ে বোলিংয়ে সবচেয়ে খরুচে ছিলেন শামি। ডানহাতি পেসার ৩ ওভার ৫ বলে দেন ৪৩ রান।
ম্যাচের পর শামি নিগ্রহের শিকার হন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ইনস্টাগ্রামে। এর বেশিরভাগই ‘ইসলামোফোবিয়া’ (ইসলামবিদ্বেষ) এর সঙ্গে সম্পর্কিত। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে একমাত্র মুসলিম ক্রিকেটার শামি।
বিশ্বকাপে রোববার নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। আগের দিন সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন কোহলি।
“কেন আমরাই মাঠে নেমে খেলছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে (আজেবাজে মন্তব্য করা) মেরুদণ্ডহীন কিছু লোক (সেটা পারছে না), তার একটি যথার্থ কারণ আছে। তাদের আসলে কোনো ব্যক্তির মুখোমুখি হয়ে কথা বলার সাহস নেই। তারা তাদের সত্তার আড়ালে লুকিয়ে থাকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যকে আঘাত করে। মানুষকে নিয়ে মজা করা আজকের দুনিয়ার বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। কোনো মানুষের মানসিকতা এটার থেকে আর নীচে নামতে পারে না। এই লোকগুলোকে এভাবেই দেখি আমি।”
দলের সবাই শামির পাশেই আছে বলে জানালেন কোহলি। দলে এসবের কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।
“(এসব করে) মানুষ তাদের হতাশা দূর করে। আমরা মাঠে কী করি সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। গত কয়েক বছরে মোহাম্মদ শামি ভারতকে কত ম্যাচে জিতিয়েছে, সে বিষয়েও তারা অবগত নয়। টেস্ট ক্রিকেটে প্রভাব রাখাদের মধ্যে (জাসপ্রিত) বুমরাহর পাশাপাশি শামিও আমাদের মূল বোলার। দেশের প্রতি শামির প্যাশনকে যদি তারা অগ্রাহ্য করতে পারে, সত্যিই তাদের নিয়ে কথা বলে আমি, শামি বা দলের কেউ সময় নষ্ট করতে চাই না। আমরা সম্পূর্ণভাবে তার পাশে আছি।”
“আমরা তাকে ২০০ ভাগ সমর্থন করছি। যারা তাকে আক্রমণ করেছে তারা চাইলে আরও শক্তি নিয়ে আসতে পারে, তাতে আমাদের ভ্রাতৃত্ব, দলের মধ্যে আমাদের বন্ধুত্ব, কিছুই নড়বড় হবে না। অধিনায়ক হিসেবে আমি নিশ্চয়তা দিতে পারি, দলে আমরা এমন একটি সংস্কৃতি গড়ে তুলেছি যেখানে এই ব্যাপারগুলি এই পরিবেশে প্রবেশ করতেও পারবে না। আমার দিক থেকে এর শতভাগ নিশ্চয়তা দিচ্ছি।”
