হজের চোয়ালবদ্ধ সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের লড়াই
একপ্রান্ত আগলে রেখে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞতায় লড়াই করে দলের সম্ভাবনা জিইয়ে রেখেছেন কাভেম হজ।
কাভেম হজ তখন ব্যাট করছেন ৯৭ রানে। মাইকেল রাইয়ের একটি বল ছোবল দিল তা গার্ডারে। ‘ওহ মাই গড…’ বলে চিৎকার করে ক্রিজে পড়ে গেলেন তিনি। ৯০ পেরিয়েও শতরান ছুঁতে তার অপেক্ষা এমনিতেই কেবল বাড়ছিল। অপর প্রান্তে দুই ব্যাটসম্যানের বিদায় দেখলেন। নিউ জিল্যান্ডের আঁটসাঁট বোলিংয়ে তার নিজের কাজও কঠিন হলো। এর সঙ্গে যোগ হলো শরীরের আঘাত। তবে হাল তিনি ছাড়লেন না। লড়াই করে ঠিকই আদায় করে নিলেন সেঞ্চুরি। দিন শেষেও রয়ে গেলেন অপরাজিত।
লড়াই করেছেন এ দিন আলিক আথানেজ ও জাস্টিন গ্রেভসও। তবে বড় ইনিংস তারা খেলতে পারেননি। হজ করেছেন সেটিই। তিনি পেরেছেন বলেই নিউ জিল্যান্ডের বড় স্কোরের জবাবটা দিতে পারছে ওয়েস্ট ইন্ডিজ। মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিন শেষে তাদের রান ৬ উইকেটে ৩৮১।
কিউইদের প্রথম ইনিংসের স্কোর থেকে পিছিয়ে আছে তারা ১৯৪ রানে।
দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে ২৫৪ বল খেলে ১০৯ রানে অপরাজিত হজ। অসুস্থতার কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি ক্যারিবিয়ানদের বড় ভরস শেই হোপ। কিন্তু হজের ব্যাট দলকে জুগিয়েছে আশা।
প্রথম দিনের ১৩ মিলিমিটার ঘাস অনেক অনেকটাই মিশে গেছে পিচে। উইকেট দারুণ ব্যাটিং সহায়ক, বোলারদের জন্য নেই তেমন সহায়তা।
আগের দিন উদ্বোধনী জুটিতে ১১০ রান তুলে দিন শেষ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ। নতুন দিনে দুই ওপেনার টিকতে পারেননি বেশিক্ষণ। দ্বিতীয় দিনের ওভারেই জেকব ডাফি ফেরান জন ক্যাম্পবেলকে। আগের দিনের ৪৫ রানের সঙ্গে কিছু আর যোগ করতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান।
৫৫ রানে দিন শুরু করা ব্র্যান্ডন কিং আর ৮ রান যোগ করে স্টাম্পে টেনে আনেন সেই ডাফির বলই।
হোপ না থাকায় ব্যাটিং অর্ডারে প্রমোশন পান কিপার টেভিন ইমলাখ। তার সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন হজ।
ইমলাখ শুরুটা ভালো করলেও রাইয়ের বলে বাজে এক শটে উইকেট হারান ২৭ রানে।
ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাতে থামেনি। আলিক আথানেজের সঙ্গে হজের জুটিতেও আসে অর্ধশত রান। তাতে হজ ছিলেন প্রায় দর্শকের ভূমিকায়। সাবলিল ব্যাটিংয়ে আথানেজ ৮ চারে ৫৭ বলে করেন ৪৫।
তাকে বোল্ড করে দেশের মাঠে প্রথম টেস্ট উইকেটের স্বাদ পান এজাজ প্যাটেল। দেশের মাঠে আগের তিন টেস্টে কোনো উইকেট তিনি পাননি। দেশের বাইরে, মূলত উপমহাদেশেই তার খেলার সুযোগ মেলে বেশি। বিদেশের মাঠে রেকর্ড ৮৫ উইকেট নেওয়ার পর অবশেষে দেশের মাঠে প্রথম উইকেটের মুখ দেখলেন ৩৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার।
আথানেজের সঙ্গে ৬১ রানের জুটিতে হজের অবদান ছিল ৪১ বলে ১১। তবে মন্থর হলেও তিনি ছিলেন দলের স্তম্ভ। ইনিংসের সবচেয়ে বড় জুটি গড়েন তিনি জাস্টিন গ্রেভসকে নিয়ে। দ্বিতীয় নতুন বলও অনেকটা নিরাপদে কাটিয়ে দেন দুজন।
৮১ রানের জুটি ভাঙেন অনিয়মিত পেসার ড্যারিল মিচেল। গ্রেভস ফেরেন ৪৩ রানে।
একটু পরই এজাজ দেশের মাঠে দ্বিতীয় উইকেট নেন রস্টন চেইসকে ফিরিয়ে। ক্যারিবিয়ান অধিনায়কের বাজে ফর্ম তাতে অব্যাহতই থাকল। নেতৃত্বের ৮ টেস্টে ১৫ ইনিংস খেলে তার ব্যাটিং গড় ১৪.৪০, ফিফটি নেই একটিও।
৯০ ছুঁয়ে ৩৩ বল খেলে অবশেষে হজ শতরানে পা রাখেন ২২৪ বল খেলে। অ্যান্ডারসন ফিলিপকে নিয়ে শেষ বেলাও কাটিয়ে দেন তিনি নির্বিঘ্নে। সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৫৭৫/৮ (ডি.)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১১৩ ওভারে ৩৮১/৬ (আগের দিন ১১০/০) (ক্যাম্পবেল ৪৫, কিং ৬৩, হজ ১০৯*, ইমলাখ ২৭, আথানেজ ৪৫, গ্রেভস ৪৩, চেইস ২, ফিলিপ ১২*, ডাফি ৩১-৭-৭৯-২, ফোকস ২০-৪-৮২-০, রাই ২১-১-৮৮-১, এজাজ ৩৩-৫-৯৪-২, ফিলিপস ৫-০-১৭-০, মিচেল ৩-১-৯-১)।
