২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবারও কি ভারতের মাথাব্যথা হবেন হেড?

গত দুই বছরে সব সংস্করণেই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে ভুগিয়েছেন ট্র্যাভিস হেড, এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালের আগেও আলোচনায় আগ্রাসী এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2025, 10:29 AM

Updated : 26 Aug 2026, 11:57 AM

গত ডিসেম্বরে যখন অ্যাডিলেইডে দিন-রাতের টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন ট্রাভিস হেড, একটি কথা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল তখন। লাল বল, সাদা বলের পর গোলাপি বলেও ভারতকে ভুগিয়ে ছাড়লেন তিনি! নামের সঙ্গে মিলিয়ে এই কৌতুক, মজা আর চর্চা তো প্রচুর হয়েছে, ‘Head the headache for India’, ভারতের মাথাব্যথা হেড। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালের আগেও যথারীতি ফিরে আসছে সেই আলোচনা। 

সব ম্যাচের আগেই এখন প্রতিপক্ষের সবাইকে নিয়ে নিবিড় বিশ্লেষণ, কাটাছেঁড়া হয় প্রচুর। তবে দুবাইয়ে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালের আগে ভারত সবচেয়ে বেশি মাথা ঘামাতে হয়তো হেডকে নিয়েই। এই মাথাব্যথার দাওয়াই খুঁজে পেতেই হবে তাদের। 

দুই দল যখন সবশেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল, ভারতীয় দল আর কোটি কোটি ভারতীয়র স্বপ্ন চুরমার হয়েছিল এই হেডের আগ্রাসনেই। আহমেদাবাদে সেদিন ৪৭ রানে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিয়ে উজ্জ্বল হয়েছিল ভারতের শিরোপার আশা। কিন্তু হেডের বিধ্বংসী সেঞ্চুরিতে সেই মঞ্চেই উল্লাসে মেতে উঠেছিল অস্ট্রেলিয়ানরা। ২৪১ রান তাড়ায় তিনি একাই করেছিলেন ১২০ বলে ১৩৭।

ম্যাচের প্রথম ভাগে তার দুর্দান্ত ক্যাচেই রোহিত শার্মার বিদায় ছিল ম্যাচের আরেকটি বড় ‘টার্নিং পয়েন্ট।’

টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দল সবশেষ মুখোমুখি হয়েছে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেন্ট লুসিয়ায় সেদিন জিততে পারেনি অস্ট্রেলিয়া। কিন্তু হেড ঠিকই ভারতীয় দলে কাঁপন ধরিয়েছিলেন ৪৩ বলে ৭৬ রান করে।

টেস্টে কিছুদিন আগে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম তিন টেস্টেই হেডের যন্ত্রণা পেতে হয়েছে ভারতকে। পার্থে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া হারলেও দ্বিতীয় ইনিংসে ৮৯ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। পরের টেস্টে গোলাপি বলে তার ১৪১ বলে ১৪০ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে এগিয়ে নেয় সিরিজে সমতা ফেরানোর পথে। ব্রিজবেনে পরের টেস্টে তার ব্যাট থেকে আসে ১৬০ বলে ১৫২ রানের ইনিংস। সেঞ্চুরি করা দুই টেস্টে তিনিই ম্যান অব দা ম্যাচ।

এই পারপরম্যান্স ছিল আগেরই ধারাবাহিকতা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তিনি ছিলেন ভারতের স্বপ্নভঙ্গের বড় কারণ। ১৭৪ বলে ১৬৩ রানের ইনিংস খেলে বড় পার্থক্য গড়ে দিয়ে সেবারও তিনি ছিলেন ম্যাচের সেরা।

আরেকটি বড় ম্যাচের সামনে সেই হেডকে নিয়ে ভারতের বাড়তি গবেষণা জরুরি তো বটেই!

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে শ্রীলঙ্কা সফরে একটি ওয়ানডে খেলে ব্যর্থ হন তিনি। এই আসরেও প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আউট হন স্রেফ ৪ রানে। তবে জ্বলে উঠেছেন ঠিক ভারতের ম্যাচের আগেই। আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার আগে স্বভাবজাত ব্যাটিংয়ে ৪০ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন তিনি।

অধিনায়ক স্টিভেন স্মিথের আশা, ভারতের বিপক্ষে সেমি-ফাইনালেও আরও একবার দেখা মিলবে সেই চেনা হেডের। 

“বড় ম্যাচে মাঠে নামার সময় চাপ থাকে প্রতিবারই। তবে আমরা জানি, এসব মুহূর্তে ট্রাভিস অনেকবারই মাথা তুলে দাঁড়িয়েছে। আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তাকে দারুণ ছন্দে মনে হয়েছে। আমি নিশ্চিত, আবার সে মাঠে নেমে সেই তাড়না ও আগ্রাসন দেখাতে চাইবে, দীর্ঘদিন ধরেই যেভাবে খেলে আসছে অস্ট্রেলিয়ার জন্য। আশা করি, পাওয়ার প্লেতে সে নিজেকে মেলে ধরবে এবং আমাদেরকে ভালো শুরু এনে দেবে।”