Published : 21 Dec 2025, 10:15 PM
বিপিএল একসময় যে দৃশ্যটি সবচেয়ে নিয়মিত দেখা যেত, সেটা ছিল মিরপুর একাডেমি মাঠের অনুশীলন জট। সময় ভাগ করে পালাক্রমে গাদাগাদি করে চলত প্রস্তুতি। ক্রিকেটারদের মেলা বসে যেত যেন। ইচ্ছা থাক বা না থাক, ঝুঁকি নিয়েই অনুশীলন করতে হতো ক্রিকেটারদের। বিদেশি ক্রিকেটার বা কোচিং স্টাফদের সামনে বিব্রতকর অভিজ্ঞতাও হতো।
এবার ছবিটা একটু আলাদা। অন্তত আপাতত।
শনিবার ও রোববার, বিপিএল ঘিরে মিরপুর একাডেমি মাঠে দেখা যায়নি সেই চিরচেনা চাপ। এই দুই দিনে সেখানে অনুশীলন করেছে কেবল রাজশাহী ওয়ারিয়র্স। সেন্টার উইকেটের পাশাপাশি এক কোণের অনুশীলন উইকেটেও সময় নিয়ে প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন মুশফিকুর রহিম, আকবর আলি, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহরাব, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, রিপন মণ্ডলরা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, সবকিছুই চলেছে তুলনামূলক স্বস্তির ছন্দে।
কিন্তু অন্য দলগুলি প্রস্তুতি সেরেছে ভিন্ন ভিন্ন জায়গায়। রোববার দুপুরে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রথম অনুশীলনে নামে রংপুর রাইডার্স। সিলেট টাইটান্স অনুশীলন শুরু করেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে। এবার টুর্নামেন্ট শুরু হচ্ছে সিলেট পর্ব দিয়েই। ২৩ ডিসেম্বর সিলেটে চট্টগ্রাম রয়্যালস তাদের প্রস্তুতি শুরু করবে বলে জানা গেছে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে পূর্বাচলে নতুন এক ঠিকানায় এ দিনই প্রস্তুতি পর্ব শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। ক্রিকেটার্স একাডেমি নামের প্রতিষ্ঠানে অংশীদারিত্ব আছে সাবেক জাতীয় অধিনায়ক ও সাবেক বিসিবি পরিচালক খালেদ মাহমুদ, জাতীয় ক্রিকেটার সৌম্য সরকার ও মোহাম্মদ সাইফ উদ্দিনের। সোমবার এই মাঠেই নোয়াখালী এক্সপ্রেস প্রস্তুতি শুরু করবে।
ক্যাপিটালসের অনুশীলনের মাঝেই মাঠে হঠাৎ হাজির হন নোয়াখালীর কোচ খালেদ মাহমুদ। তখন প্যাড পরে ব্যাট হাতে চেয়ারে বসেছিলেন সাইফ উদ্দিন। দুজনের খুনসুটিতে যোগ দেন কয়েকজন সংবাদকর্মীও।
যেমনটা ভেবেছিল ক্যাপিটালস, অনুশীলনটা ঠিক তেমন হয়নি। আগের দিনের উইকেট প্রস্তুতিতে খানিকটা ভেজা ছিল, দিনে ভালোভাবে রোদ না ওঠায় পুরোপুরি শুকোয়নি। ব্যাটিং স্কিল শাণিত করার কাজটা তাই প্রত্যাশামতো এগোয়নি ক্যাপিটালসের। তবু যতটুকু হয়েছে, তাতেই নজর কেড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার নাসির হোসেন। থ্রোডাউনের একের পর এক বল আছড়ে পড়েছে বাউন্ডারি রশির বাইরে। পাশে দাঁড়িয়ে থাকা এক দর্শকের মন্তব্যই যেন মুহূর্তটা ধরেছে—“নাসির ভাই এমন ব্যাটার, ভেজা উইকেটেও তার ব্যাটিং থামানো কঠিন।” ]

নাসিরের সঙ্গে বড় শটের অনুশীলনে পিছিয়ে ছিলেন না শামীম হোসেন এবং সাইফ উদ্দিন নিজেও। লং রেঞ্জের শটগুলোতে ছিল আত্মবিশ্বাসের ছাপ। অনুশীলন শেষে নিজের একাডেমিতে প্রস্তুতির অভিজ্ঞতা জানাতে গিয়ে সাইফ উদ্দিন বললেন, “আমরা তো সবসময় মিরপুরেই গাদাগাদি করে অনুশীলন করি। এখানে খোলা পরিবেশে আসলে খেলোয়াড়দের ভালো লাগে। আপনাদেরও নিশ্চয় ভালো লাগছে।”
কিট ও ড্রেস নিয়ে নিজের অনুরোধটা রাখায় ম্যানেজমেন্টের প্রতি স্বস্তি আর কৃতজ্ঞতা প্রকাশ পায় সাইফ উদ্দিনের কথায়।
“প্রথম প্র্যাকটিস সেশনে যেন কিট ব্যাগ আর ড্রেস পাই, এটা চেয়েছিলাম। তারা কথা রেখেছেন। আমরাও চেষ্টা করব টুর্নামেন্টে আমাদের প্রতিশ্রুতি রাখার।”
সবশেষ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন সাইফ উদ্দিন। নতুন দলে এসেও ক্যাপিটালসকে দেখছেন ভারসাম্যপূর্ণ দল হিসেবে।
“গতবারের দলটা খারাপ ছিল না। মোস্তাফিজ, লিটন ভাই, তানজিদ তামিম অনেক পারফর্মার ছিল। এবারও টিম ওয়েল ব্যাল্যান্সড। টি-টোয়েন্টিতে বড় নাম নয়, ওই দিনের পারফরম্যান্সটাই আসল।”
নিলামে ‘বি’ ক্যাটাগরিতে থাকা সাইফ উদ্দিনের ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা, ক্যাপিটালস তাকে দলে নিয়েছে ৬৮ লাখ টাকায়। তবে টাকার অঙ্ক নয়, নিজের দায়িত্বটাই তার কাছে মুখ্য।
“দাম যাই হোক, আমি সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। বিপিএল বাংলাদেশের টপ টুর্নামেন্টগুলোর একটি। এখানে ভালো খেললে সুযোগ দ্রুত আসে। তাই নামের প্রতি সুবিচার করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
পূর্বাচলে অনুশীলন শেষে সহকারী কোচ মাহবুব আলী জাকি ঘোষণা দেন, আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হবেন মোহাম্মদ মিঠুন। আগের আসরে চিটাগং কিংস মাঝারি মানের দল নিয়েই ফাইনাল খেলেছিল তার নেতৃত্বে। এবার শিরোপার স্বপ্ন দেখছে ক্যাপিটালস, বললেন মিঠুন।
“এটা লম্বা টুর্নামেন্ট। আমাকে যোগ্য মনে করার জন্য ম্যানেজমেন্টকে ধন্যবাদ। আমার চেষ্টা থাকবে দলকে একসঙ্গে রেখে সেরা ক্রিকেট খেলানো। তবে শুরুটা খুব গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হলে টুর্নামেন্টে এগোনোর পথটাও সহজ হবে।”