অসাধারণ ম্যাচের কৃতিত্ব সোহানকে দিলেন তামিম
শেষ ওভারে ২৬ রানের সমীকরণ অবিশ্বাস্যভাবে মিলিয়ে রংপুরকে জেতানো নুরুল হাসান সোহানকেই প্রশংসায় ভাসালেন প্রতিপক্ষ অধিনায়ক তামিম ইকবাল।
রংপুর রাইডার্সের জয়ের জন্য ৬ বলে প্রয়োজন ২৬ রান। যে কোনো দিন যে কেউই বাজি ধরবে বোলিং দলের পক্ষে।নিশ্চিত জয় ধরেই হয়তো ফরচুন বরিশালের সামাজিক মাধ্যমে পোস্ট করা হলো, ‘মনুরা রেডি তো।’ সম্ভাব্য জয়োৎসবের জন্যই মূলত সমর্থকদের প্রস্তুত থাকতে বলছিল দলটি।
কিন্তু কয়েক মিনিটের মধ্যে তাদের উৎসবের আমেজে জল ঢেলে দেন নুরুল হাসান সোহান। শেষ ওভারে কাইল মেয়ার্সের সবকটি বলে বাউন্ডারি মেরে স্মরণীয় এক জয় নিশ্চিত করেন রংপুর অধিনায়ক। এমন পরাজয়ে স্বাভাবিকভাবেই হতাশ তামিম ইকবাল, তবে প্রতিপক্ষ অধিনায়ক সোহানের স্তুতিতে কোনো কার্পণ্য করেননি বরিশাল অধিনায়ক।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ১৯৮ রান তাড়ায় ১৩ বল বাকি থাকতে ব্যাটিংয়ে নামেন সোহান। তখনও জয় থেকে ৪১ রান দূরে রংপুর। পরের সাত বলে মাত্র একটি ডেলিভারি খেলার সুযোগ পান সোহান। বাকি ছয় বলে তিন ব্যাটসম্যানের বিদায় দেখেন রংপুর অধিনায়ক।
এর একটির দায় কিছুটা সোহানেরই। জাহান্দাদ খানের শর্ট অব লেংথ বল শেখ মেহেদি হাসানের ব্যাটে লেগে বোলারের দিকেই উড়ে যায়। স্ট্রাইক ফিরে পেতে মরিয়া সোহান ছুটে আসেন রানের জন্য। তখনই ধাক্কা লাগে বোলারের সঙ্গে। এসময় গতিপথ পরিবর্তন করেছেন মনে হওয়ায় ‘অবস্ট্রাক্টিং দা ফিল্ড’ আউটের আবেদন করে বরিশাল। রিপ্লে দেখে আউট দেন টিভি আম্পায়ার। বোলারের ক্যাচ নিতে বাধা দেওয়ায় সোহানের বদলে মূলত আউট হন শটটি খেলা শেখ মেহেদি।
‘অবস্ট্রাক্টিং দা ফিল্ড’ নাটকীয়তার পর শেষ ওভারে দলকে জেতাতে সোহানের সামনে ২৬ রানের সমীকরণ। মেয়ার্সের প্রথম বলে ছক্কার পর তিনি মারেন দুটি চার। এরপর আবার ছক্কায় ম্যাচের পাল্লা নিজেদের দিকে নিয়ে আসেন তিনি। পরের বল চার মারলে শেষ বলে বাকি ২ রান। পুল শটে সোহানের ছক্কায় যেন শিরোপা জেতার মতোই উল্লাস শুরু হয় রংপুরের ডাগআউটে।
সোহানের বীরত্বপূর্ণ ইনিংসটি মাঠের বাইরে থেকে দেখতে হয় তামিমকে। ফিল্ডিংয়ে চোট পাওয়ায় শেষ দিকে মাঠে ছিলেন না বরিশাল অধিনায়ক। পরে ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিপক্ষ অধিনায়কের প্রশংসা করেন তামিম।
“গ্রেট… গ্রেট… গ্রেট! অসাধারণ ম্যাচ। দুর্ভাগ্যবশত ফল আমাদের পক্ষে আসেনি। নুরুল হাসান সোহানকে কৃতিত্ব দিতেই হবে। যেভাবে সে ব্যাটিং করেছে, অবিশ্বাস্য! শেষ ওভারে ২৬ রান, যে কোনো বোলারের বিপক্ষেই খুব কঠিন। সব কৃতিত্ব সোহানের।”
দলকে অবিস্মরণীয় জয় এনে দিয়ে ৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন সোহান। ৩টি করে চার-ছক্কার ইনিংসে তার স্ট্রাইক রেট ৪৫৭.১৪। বিপিএলে কমপক্ষে ত্রিশছোঁয়া ইনিংসে এটিই সর্বোচ্চ স্ট্রাইক রেট।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেই এর চেয়ে দ্রুত ত্রিশছোঁয়া ইনিংস আছে আর মাত্র তিনটি। ২০২১ সালের লঙ্কা প্রিমিয়ার লিগে ৫৩৩.৩৩ স্ট্রাইক রেটে ৬ বলে ৩২ রানের ইনিংস খেলে এই তালিকায় সবার ওপরে সেকুগে প্রাসান্না।
অথচ ম্যাচের প্রথমভাগে ১৯৭ রানের পুঁজি পেয়ে অনেকটা নির্ভারই ছিল বরিশাল। এমনকি সোহান ব্যাটিংয়ে নামার আগপর্যন্তও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। কিন্তু শেষ ওভারের ওই রূপকথাময় ব্যাটিংয়েই বদলে যায় সব কিছু।
তাই নিজ দলের বোলারদের ওপর আঙুল না তুলে রংপুরকেই কৃতিত্ব দিলেন তামিম।
“ব্যাটিংয়ে আমরা খুব ভালো করেছি। প্রথম ২-৩ ওভার ভালো যায়নি। পরে শান্ত ও মেয়ার্স যেভাবে ব্যাটিং করেছে, অসাধারণ। আমার মতে, এই উইকেটের জন্য রান একদম ঠিক ছিল। তারা (রংপুর) খুব ভালো ব্যাটিং করেছে। তাদেরকে কৃতিত্ব দিতে হবে।”
সিলেট পর্বের শুরু থেকেই মাঠের সীমানা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন তামিম। রংপুরের বিপক্ষে টসের সময়ও এত ছোট সীমানা আদর্শ নয় বলেন অভিজ্ঞ ওপেনার। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সঞ্চালক শামীম চৌধুরী তাই বড় সীমানা উল্লেখ করলে দ্বিমত করেন তামিম, ‘দুঃখিত! (বড় বাউন্ডারি?) সেটি আপনার মূল্যায়ন হতে পারে।’
সীমানা নিয়ে খেদ থাকলেও উইকেটের আচরণে খুশি তামিম। এখন পর্যন্ত ভালো উইকেট উপহার দেওয়ায় মাঠকর্মীদের বাহবা দেন তিনি।
“এই ধরনের ম্যাচই টুর্নামেন্ট জমিয়ে তোলে। (ম্যাচ হারায়) আমি দুঃখ পাচ্ছি। তবে একইসঙ্গে আমি খুবই খুশি যে টুর্নামেন্ট ভালো যাচ্ছে। মাঠকর্মীদের বড় কৃতিত্ব দিতে হবে। তারা যেভাবে উইকেট তৈরি করছে। এখন পর্যন্ত উইকেট খুব ভালো।”
