২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসরে প্রথম সুযোগ পেয়েই সেঞ্চুরি হাঁকালেন ডি কক

ইনিংস শুরু করতে নেমে শেষ পর্যন্ত খেলে মুম্বাই ইন্ডিয়ান্সকে বড় সংগ্রহ এনে দেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।

আসরে প্রথম সুযোগ পেয়েই সেঞ্চুরি হাঁকালেন ডি কক
সেঞ্চুরির পর কুইন্টন ডি কক। ছবি: আইপিএল ফেইসবুক পাতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 09:54 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

চোটে রোহিত শার্মা ছিটকে না পড়লে হয়তো পাঞ্জাবের কিংসের বিপক্ষেও একাদশে জায়গা হতো না কুইন্টন ডি ককের। আসরে প্রথমবার পাওয়া সুযোগটি দারুণভাবে কাজে লাগালেন মুম্বাই ইন্ডিয়ান্স ওপেনার। চমৎকার এক সেঞ্চুরি উপহার দিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

ওয়াংখেড়েতে বৃহস্পতিবার ইনিংস শুরু করতে নেমে শেষ পর্যন্ত খেলেন ডি কক। সাতটি ছক্কা ও আটটি চারে ৬০ বলে ১১২ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান। 

এবারের আসরে মুম্বাইয়ের কোনো ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি এটি। সব মিলিয়ে এটি আসরের দ্বিতীয় শতক। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গত শনিবার অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলেন চেন্নাই সুপার কিংসের সাঞ্জু স্যামসন।

আইপিএলে চার বছর পর সেঞ্চুরির স্বাদ পেলেন ডি কক। ২০২২ সালে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১৪০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। ২০১৬ আসরে দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিপক্ষে করেছিলেন ১০৮ রান।

এদিন একটি রেকর্ডেও নাম উঠেছে ডি ককের। আইপিএলে প্রথম উইকেটরক্ষক হিসেবে তিনটি সেঞ্চুরি করলেন তিনি।

আইপিএলে ভিন্ন তিনটি দলের হয়ে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটসম্যান ডি কক। অন্য দুজন হলেন স্যামসন ও লোকেশ রাহুল।

স্বীকৃত টি-টোয়েন্টিতে এনিয়ে ৯ বার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন ডি কক। ২০ ওভারের ক্রিকেটে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল তিন জনের; অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (১০টি), পাকিস্তানের বাবর আজম (১১টি) ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (২২টি)।

আগের চার ম্যাচে সুযোগ না পাওয়া ডি কক মুখোমুখি প্রথম বলে মার্কো ইয়ানসেনকে ছক্কায় উড়িয়ে রানের খাতা খোলেন।

তৃতীয় ওভারে পরপর দুই বলে উইকেট হারায় মুম্বাই। এরপর কিছুটা খোলসবন্দি হয়ে পড়েন ডি কক। সপ্তম ওভারে ইউজবেন্দ্র চেহেলকে ছক্কা ও চার মেরে ডানা মেলেন তিনি।

দশম ওভারে চেহেলকে ছক্কা মারার পরের বলে সিঙ্গল নিয়ে ফিফটি স্পর্শ করেন ডি কক, ২৮ বলে। পরের ওভারে জাভিয়ের বার্টলেটকে ছক্কা ও চার মারেন তিনি। আরেক প্রান্তে তাকে সঙ্গ দেওয়া নামান ধীর তিনটি করে ছক্কা-চারে ৩১ বলে ৫০ রান করে ফেরেন। তাদের জুটিতে ৬৮ বলে আসে ১২২ রান।

শশাঙ্ক সিংকে টানা দুটি ছক্কা মেরে নব্বইয়ের ঘরে ঢুকে যান ডি কক। পরের ওভারে বার্টলেটকে চার মেরে কাঙ্ক্ষিত তিন অঙ্কের ঠিকানায় পা রাখেন তিনি, ৫৩ বলে। ৫০ থেকে সেঞ্চুরিতে যেতে তার লাগে ২৫ বল।

ডি ককের অপরাজিত ইনিংসটির সৌজন্যে ৬ উইকেটে ১৯৫ রান করতে পারে মুম্বাই।