পুরনোদের উপরই আস্থা কানাডার
টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরের দল থেকে এবার দশজনকে রেখেছে তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পুরনোদের উপরই আস্থা রেখেছে কানাডা। গত আসরের দল থেকে আসছে বৈশ্বিক টুর্নামেন্টের জন্য দশজনকে স্কোয়াডে রেখেছে তারা।
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল দিয়েছে কানাডা। যেখানে নিজেদের প্রথম আসরের দল থেকে এবার পরিবর্তন কেবল পাঁচটি।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো বিশ্ব মঞ্চে খেলে কানাডা। সেবার গ্রুপ পর্বে আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দেয় দলটি। পাঁচ দলের গ্রুপে চতুর্থ হয়ে শেষ করে আসর।
ওই বিশ্বকাপে দুই ম্যাচ খেলা দিলপ্রিত বাজওয়া এবার কানাডার অধিনায়ক। ২০২৪ আসরে দলটিকে নেতৃত্ব দেওয়া সাদ বিন জাফারও আছেন স্কোয়াডে।
গত বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন অ্যারন জনসন, জেরেমি গর্ডন, জুনাইদ সিদ্দিক, পারগাত সিং ও রায়ানখান পাঠান।
কানাডার হয়ে এখন পর্যন্ত ৯টি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন বাজওয়া। ওয়ানডেতে ১০৮ রান করেছেন তিনি। আর টি-টোয়েন্টিতে চার ফিফটিতে তার রান ৩৯৭, স্ট্রাইক রেট ১৩৩.২২।
গত অক্টোবরে কানাডার টি-টেন লিগে এক ম্যাচে ১৮ বলে ৫৭ ও আরেক্তিতে ২২ বলে অপরাজিত ৬৮ রান করেন ২৩ বছর ছুঁইছুঁই বাজওয়া।
কানাডা দলের বিধ্বংসী ওপেনার ইউভরাজ সামরা গত বিশ্বকাপের দলে ছিলেন না। তবে এবার দলের হয়ে ইনিংস শুরু করার দায়িত্ব থাকবে তার কাঁধেই।
এখন পর্যন্ত কানাডার জার্সিতে ১৬ টি-টোয়েন্টি খেলা ইউভরাজ মেরেছেন ২৭টি ছক্কা। তিন ফিফটিতে করেছেন ৪৪২ রান, স্ট্রাইক রেট ১৬০.৭২।
বাছাই পর্বে ভালো বোলিং করে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন অফ স্পিনার শিভাম শার্মা। বাঁহাতি পেসার কামিল সানাও বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। মূল পর্বেও তাদের থেকে ভালো কিছুর প্রত্যাশায় থাকবে কানাডা।
আমেরিকা অঞ্চলের বাছাইয়ে অপরাজিত থেকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় কানাডা। আগামী ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু তাদের মূল আসরে অভিযান। ‘ডি’ গ্রুপে দলটির অন্য প্রতিপক্ষরা হলো-নিউ জিল্যান্ড, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
কানাডা বিশ্বকাপ দল: দিলপ্রিত বাজওয়া (অধিনায়ক), আজায়ভির হুন্দাল, আনশ প্যাটেল, ডিলন হেইলিগার, হার্শ ঠাকার, জাসকারান্দিপ বাটার, কালিম সানা, কানওয়ারপাল তাথগুর, নাভনিত ঢালিওয়াল, নিকোলাস কার্টন, রাভিন্দারপাল সিং, সাদ বিন জাফার, শিভাম শার্মা, শ্রেয়াস মোভা, ইউভরাজ সামরা।
